যুক্তরাষ্ট্র থেকে লন্ডনের পথে প্রধানমন্ত্রী
পক্ষকাল বিদেশে কাটানোর পর যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার প্রেস সচিব ইহসানুল করিম জানান, স্থানীয় সময় সোমবার রাত ১০টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা) ওয়াশিংটন ডিসি থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন বাংলাদেশের সরকার প্রধান ও তার সফরসঙ্গীরা।
শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানাও রয়েছেন। ডালেস ইন্টারনাশনাল এয়ারপোর্টে মা ও খালাকে বিদায় জানান সজীব ওয়াজেদ জয় ও তার স্ত্রী ক্রিস্টিনা ওভারমায়ার।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ছাড়াও এ সময় এয়ারপোর্টে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক আহমদ, আওয়ামী লীগ নেত্রী শাহানারা রহমানসহ মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
জাতিসংঘের কর্মসূচি শেষে ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ভার্জিনিয়ায় যান। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর তার দেশের পথে রওনা হওয়ার কথা ছিল।
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয় পিত্তথলির পাথর।
মঙ্গলবার লন্ডন সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা) হিথ্রোতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
তিন দিন যুক্তরাজ্যে অবস্থানের পর আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে পৌঁছাবেন বলে তার প্রেস সচিব জানিয়েছেন।
