২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী সুস্থ, দাপ্তরিক কাজও করছেন

জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে ভার্জিনিয়ার একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভালো আছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2017, 07:06 PM

Updated : 12 Apr 2022, 12:25 AM

ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি তিনি অনলাইনে ‘গুরুত্বপূর্ণ’ দাপ্তরিক কাজও করছেন বলে ওয়াশিংটন থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রধানমন্ত্রী এখন ভালো আছেন। তিনি সার্বক্ষণিক ঢাকায় তার দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সাতটি ইলেকট্রনিক ফাইল (ই-ফাইল) ছেড়েছেন।”

ভার্জিনিয়া অসুস্থ হয়ে পড়লে ২৫ সেপ্টেম্বর স্থানীয় একটি হাসপাতালে গিয়ে শেখ হাসিনার অস্ত্রোপচার হয়। তিনি এখন সেখানেই ছেলের বাসায় বিশ্রামে রয়েছেন।

বৃহস্পতিবার শেখ হাসিনার জন্ম দিনে মায়ের সুস্থতার কথা জানিয়ে সজীব ওয়াজেদ জয় ফেইসবুকে লেখেন, “আজ মার জন্মদিনও। কিন্তু আমরা তেমন কিছু করছি না, কারণ মাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

“মার স্বাস্থ্যের জন্য শুভ কামনা ও জন্মদিনের শুভেচ্ছা যারা জানিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। উনি এখন ভালো আছেন।”

অস্ত্রোপচারের বিষয়ে জয় লিখেছেন, “গত সোমবার রাতে মার গল-ব্লাডারের সার্জারি হয়। আমাদের পাশের হাসপাতালে আমার এক ডাক্তার বন্ধুই সার্জারিটি করেন। সার্জারিটি অত্যন্ত সফল ছিল। পরদিন সকালেই মা বাসায় ফিরে আসেন। তিনি এখন খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন।”

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কের পথে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ২১ সেপ্টেম্বর তিনি সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন।

জাতিসংঘের কর্মসূচি শেষে ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ভার্জিনিয়ায় যান। ছেলের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর দেশে রওনা হওয়ার কথা ছিল তার।

লন্ডন হয়ে দুই অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে পৌছানোর কথা থাকলেও তিনি পাঁচ অক্টোবর ফিরবেন।