রোহিঙ্গাদের জন্য সব কিছুর ব্যবস্থা করছে সরকার: প্রধানমন্ত্রী
মানবিক দিক বিবেচনায় মিয়ানমারের নিপীড়িত নাগরিকদের জন্য আশ্রয়, খাদ্য ও ওষুধ সরবরাহের প্রয়োজনীয় সব ব্যবস্থা বাংলাদেশ সরকার নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রিজ কার্লটন হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আমরা বিত্তশালী না হলেও আমাদের হৃদয় আছে।”
রাখাইনে সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রসঙ্গে তিনি বলেন, “তারা তো মানুষ; আমরা তো তাদের বঙ্গোপসাগরে ফেলে দিতে পারি না।”
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার আগে শেখ হাসিনা কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। রাখাইন থেকে পালিয়ে আসা নারী ও শিশুরা প্রধানমন্ত্রীর কাছে তাদের নির্যাতিত হওয়ার নানা ভয়াবহ কাহিনী বর্ণনা করেন।
দীর্ঘদিন ধরে চার লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর ভার বহন করে আসা বাংলাদেশে এ দফায় আরও পাঁচ লাখ রোহিঙ্গা শরণার্থী হয়ে এসেছে।
তিন দশকের বেশি সময় ধরে বসবাস করে আসা ওইসব রোহিঙ্গাদের ফেরত পাঠানোর আগ পর্যন্ত কক্সবাজার থেকে হাতিয়ার কোনো দ্বীপে রাখার পরিকল্পনার কথা জানিয়েছিল সরকার।
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মত বিনিময়ে রোহিঙ্গাদের ‘ভাসান চরের’ দ্বীপে স্থানান্তরের কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, “বহির্বিশ্বের কোনো সহায়তার জন্য অপেক্ষা না করেই আমরা বাসস্থান, খাদ্য ও ওষুধের ব্যবস্থা করেছি। শুরুতেই আমরা পাঁচ কোটি টাকা দিয়েছি।”
তিনি বলেন, বাংলাদেশের উদারতা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিস্মিত করেছে।
এসময় দলীয় নেতা-কর্মীদের আওয়ামী লীগ সভাপতি বলেন, “আমরা যদি ১৬ কোটি মানুষের অন্নের সংস্থান করতে পারি; তাহলে আমরা আরো পাঁচ থেকে সাত লাখ অতিরিক্ত মানুষকে খাওয়াতে পারব।
“প্রয়োজন হলে আমরা একবেলা খেয়ে আরেক বেলার খাওয়া এই নিপীড়িত মানুষগুলোর সাথে ভাগ করে নেব। সবকিছুর পরও আমরা তো মানুষ এবং আমরা মানবতার পক্ষে।”
জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “এর বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করা হয়েছে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণও জঙ্গি-সন্ত্রাসবাদ এবং মাদকের বিরুদ্ধে সচেতন হয়েছে।
পরে প্রধানমন্ত্রী সেখান থেকে ভিডিও কনফারেন্স করে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করেন।
ভাস্কর স্টিফেন ওয়েইজম্যান ব্রোঞ্জের মূর্তিটি নির্মাণ করেন।
