‘মন্টব্লাঙ্ক প্যাট্রনেজ অ্যাওয়ার্ড’ পেলেন রাজিব-নাদিয়া দম্পতি
শিল্পকলায় পৃষ্ঠপোষকতার জন্য মন্টব্লাঙ্ক কালচারাল ফাউন্ডেশনের ‘মন্টব্লাঙ্ক দ্য লা কালচার আর্টস প্যাট্রনেজ অ্যাওয়ার্ড’ পেলেন সামদানি আর্ট ফাউন্ডেশনের রাজিব সামদানি ও নাদিয়া সামদানি।
সামদানি আর্ট ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৩ সেপ্টেম্বর দুবাইয়ে এক আয়োজনে মন্টব্লাঙ্ক কালচারাল ফাউন্ডেশনের চেয়্যারম্যান স্যাম বারডাউইল এবং টিল ফেলরাথ পুরস্কারটি তুলে এই দম্পতির হাতে।
এই পুরস্কারের অর্থমূল্য ১৫ হাজার ইউরো।
সামদানি আর্ট ফাউন্ডেশন জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশীয়দের মধ্যে প্রথমবারের মতো এই পুরস্কার পেলেন সামদানি দম্পতি। পুরস্কারের অর্থমূল্যটি তারা বাংলাদেশি শিল্পীদের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে দান করবেন।
এ বছর মন্টব্লাঙ্ক কালচারাল ফাউন্ডেশনের ‘মন্টব্লাঙ্ক দ্য লা কালচার আর্টস প্যাট্রনেজ অ্যাওয়ার্ড’ পেয়েছেন ১৭ জন।
জার্মান ঘড়ি ও চামড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান মন্টব্রাঙ্ক ১৯৯২ সাল থেকে ‘মন্টব্লাঙ্ক দ্য লা কালচার আর্টস প্যাট্রনেজ অ্যাওয়ার্ড’ দেওয়া শুরু করে।
এর আগে এই পুরস্কারটি পেয়েছেন ইংল্যান্ডের প্রিন্স চার্লস, জাপানিজ শিল্পী ইয়োকো ওনো, নাট্যলেখক রবার্ট উইলসন, সংগীতজ্ঞ কুইনজি জোন্স, চলচ্চিত্র প্রযোজক মায়া হফ্ম্যান এবং ইতালিয়ান আর্কিটেক্ট রেনজো পিয়ানো।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজিব এবং নাদিয়া সামদানি বাংলাদেশি সমকালীন শিল্প ক্ষেত্রে উন্নয়ন এবং শিল্পী ও স্থপতিদের আর্ন্তজাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ২০১১ সালে সামদানি আর্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
এই ফাউন্ডেশন বাংলাদেশি এবং দক্ষিণ এশীয় নবীন শিল্পীদের আর্ন্তজাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করতে সহায়তা করে এবং বিভিন্ন ওয়ার্কশপ, রেসিডেন্সি এবং শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উদ্যোগ হল ঢাকা আর্ট সামিট।
রাজিব সামদানি যুক্তরাজ্যের টেট মিউজিয়ামের দক্ষিণ এশীয় অধিগ্রহন কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও কো-চেয়্যারম্যান।রাজিব ও নাদিয়া দুজনেই এই মিউজিয়ামের আর্ন্তজাতিক কাউন্সিলের সদস্য।
রাজিব ও নাদিয়া সামদানি যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশীয় আর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্য, দুবাইয়ের আলসার্কাল এভিনিউ প্রোগ্রামিং কমিটির সদস্য, আর্ট দুবাই এবং শ্রীলংকার কলম্বো দ্বিবার্ষিক প্রদর্শনীর উপদেষ্টামণ্ডলীর সদস্য।
