২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলার বাদীকে জেরা

মন্ত্রীর সুনাম ক্ষুণ্ণের অভিযোগে সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে করা তথ্যপ্রযুক্তি আইনের মামলার বাদী ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের অন্যতম কৌঁসুলি স্বপন পালের জেরা অব্যাহত রয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2017, 12:12 PM

Updated : 19 Aug 2022, 05:34 PM

ঢাকায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আলোচিত এ মামলায় সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপনকে জেরা করেন প্রবীরের আইনজীবী আমিনুল গণী টিটো।

জেরার পর পরবর্তী শুনানির জন্য আগামী ৮ নভেম্বর দিন রাখেন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুল ইসলাম ।

দুই বছর আগে সাংবাদিক প্রবীরের বিরুদ্ধে দায়ের করা মামলায় গত বছর অভিযোগ গঠন হলেও গত ২৪ অগাস্ট থেকে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়।

সাক্ষ্য দেওয়ার পর মামলার বাদী স্বপন পালকে ওইদিনও জেরা করেছিলেন প্রবীরের আইনজীবী টিটো।

প্রথম দিন বাদীর সাক্ষ্যের পর জেরায় ফরিদপুর এলাকার যুদ্ধাপরাধী, রাজাকার, প্রবীর সিকদারের পরিবারের শহীদ সদস্য, প্রবীরের লেখালেখি, লেখা পুস্তক, দৈনিক জনকন্ঠে , প্রথম আলোতে প্রকাশিত খবরের বিষয় নিয়ে স্বপল পালকে প্রশ্ন করা হয়।

দ্বিতীয় দিনের জেরায় নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে উজ্জ্বল করার জন্য মামলা করেছেন কিনা জানতে চান প্রবীরের আইনজীবী আমিনুর গণী টিটো। উত্তরে বাদী স্বপন পাল ‘না’ সূচক জবাব দেন।

মামলা ও ঘটনাক্রম

ফেইসবুকে লেখার মাধ্যমে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনর সুনাম ক্ষুণ্ণের অভিযোগ এনে প্রবীরের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় ২০১৫ সালের ১৬ অগাস্ট ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন এপিপি স্বপন পাল।

শহীদ পরিবারের সন্তান প্রবীর ওই বছর ১০ অগাস্ট এক ফেইসবুক পোস্টে নিজের জীবন শঙ্কার আশঙ্কা প্রকাশ করেন। তার কিছু হলে মন্ত্রী খন্দকার মোশাররফ, বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের ওরফে নুলা মুসা এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী পলাতক বাচ্চু রাজাকার ওরফে মাওলানা আবুল কালাম আজাদ ও তার অনুসারী-সমর্থকরা দায়ী থাকবেন বলেও ওই পোস্টে বলেন তিনি।

একাত্তরে শহীদের সন্তান প্রবীর সিকদার উত্তরাধিকার ৭১ নিউজ এবং দৈনিক বাংলা ৭১ নামের পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তিনি এর আগে সমকাল ও কালের কণ্ঠে কাজ করেছেন।

২০০১ সালে দৈনিক জনকণ্ঠের ফরিদপুর প্রতিনিধি থাকার সময় সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হয়ে পঙ্গু জীবন যাপন করছেন তিনি।

ফেইসবুকে লেখালেখির কারণে হুমকি পাওয়ার কথা জানিয়ে ২০১৫ সালে থানায় সাধারণ ডায়েরি করতে গিয়েছিলেন প্রবীর সিকদার। কিন্তু পুলিশ তা নেয়নি বলে ফেইসবুকে এক লেখায় তিনি জানান।

মন্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে ফেইসবুক পোস্টের পর ওই বছরের ১৬ অগাস্ট সন্ধ্যায় রাজধানীর ইন্দিরা রোডের কার্যালয় থেকে প্রবীরকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। রাতেই তাকে নেওয়া ফরিদপুরে।

এরপর ফরিদপুরের এপিপি স্বপন পাল তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করলে সে সময় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তথ্য-প্রযুক্তি আইনের অপব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করা হয় বিভিন্ন মহল থেকে। 

ওই মামলায় সাংবাদিক প্রবীরকে রিমান্ডেও পাঠিয়েছিল আদালত। তবে রিমান্ডের ২৪ ঘণ্টা না পেরোতেই জামিনে মুক্তি পান প্রবীর সিকদার। পরে আদালত তাকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দেয়।

এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনির হোসেন ২০১৬ সালের ১৬ মার্চ ফরিদপুরের আদালতে অভিযোগপত্র জমা দিলে বিচারক মামলাটি ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠান।

গতবছর ৪ অগাস্ট ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এ মামলায় অভিযোগ গঠন করেন।

এ আইন অনুযায়ী, কেউ ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেক্ট্রনিক মাধ্যমে কোনো কিছু প্রকাশের মাধ্যমে কারও মানহানি ঘটলে বা ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে প্রমাণিত হলে তার ৭ থেকে ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

পুরনো খবর:

সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু
প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলা, ফেইসবুকে নিন্দার ঝড়
সাংবাদিক প্রবীরের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা