২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদ বিবরণী দিতে সওজ প্রকৌশলীকে দুদকের নোটিস

সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম একরামউল্লাহ ও তার পরিবারের চার সদস্যের সম্পদ বিবরণী জমা দিতে নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2017, 05:10 PM

Updated : 19 Aug 2022, 05:30 PM

দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণবকুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রণব বলেন, “একরামউল্লাহর বিরুদ্ধে দুর্নীতির একটি অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে এ নোটিস দেওয়া হয়েছে।”

নোটিসে একরামউল্লাহ, তার স্ত্রীর আতিচা খাতুন, ছেলে মো. আকিব একরাম এবং মেয়ে আনিকা একরাম- এই চারজনের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর অস্থাবর সম্পদ, দায়-দেনা এবং আয়ের উৎসের বিস্তারিত বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রণব জানান, সাত কার্যদিবসের মধ্যে তাকে তার সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে মধ্যে বিবরণী জমা না দিলে দুদক আইনের ২৬ এর ২ ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে নোটিসে।

এ কে এম একরামউল্লাহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।