২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ফাঁকা অন্যরকম ঢাকা

জীবিকার টানে আসা মানুষগুলোর ঈদে ঘরমুখো স্রোত শেষে কর্মব্যস্ত আর যানজটের নগরী ঢাকা এখন অনেকটাই ফাঁকা।

কাজী নাফিয়া রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 10:48 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করতে ঢাকা নগরীতে গত সপ্তাহজুড়েই মানুষের ঢল ছিল উল্টোমুখী।

স্বজনদের সঙ্গে ঈদ করতে যাওয়া মানুষের ভিড়ে রাজধানীর বাস, রেল ও ট্রেন স্টেশনগুলো বৃহস্পতিবার বিকালেও ছিল লোকে-লোকারণ্য।

সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও ঈদে ঢাকার অর্ধেক মানুষ ঈদে নগরী ছাড়ে বলে ধারণা করা হয়।

ছুটির হাওয়ার মধ্যে শুক্রবার সকাল থেকেই মিরপুর, ফার্মগেইট, ধানমন্ডি, নিউমার্কেট, শাহবাগ, পল্টন, গুলিস্তান, মতিঝিল, কাকরাইল এলাকা ঘুরে চেনা ব্যস্ততা আর যানজট চোখে পড়েনি।

ফাঁকা ঢাকায় ঘুরে খুশি বেসরকারি কর্মকর্তা চিন্ময় মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছোটবেলা থেকেই আমাদের প্রতিদিনের বিড়ম্বনার নাম যানজট। সে হিসেবে ঈদটা ডাবল আনন্দ নিয়ে আসে।”

যথাযথ পরিকল্পনা নিয়ে ঢাকায় মানুষের ‘বাড়তি চাপ’ কমিয়ে আনলে এই শহর সারাবছরই নির্ঝঞ্ঝাট থাকত বলে মনে করেন তিনি।

পুরান ঢাকার বাসিন্দা কামরুল ইসলাম ১০ মিনিটেই পল্টন পৌঁছে স্বস্তি প্রকাশ করে বলেন, “নয়াবাজার থেকে পল্টন আসতে আগে জান যাইত। আজ তো নিমিষেই চলে আসলাম। এমন ঈদ বছরে আরও কয়েকটা আসলে আমাদের এত ভোগান্তি হত না।”

অনেকে পেশাগত কারণে ঢাকায় ঈদ করছেন। পরিবার-পরিজন ছাড়া ঈদ করার শূন্যতা থাকলেও ফাঁকা ঢাকা তাতে প্রলেপ দিচ্ছে কিছুটা হলেও।

একটি বেসরকারি টেলিভিশনের রিপোর্টার ফারুক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবার ছাড়া ঈদ করলে তো একটু খারাপ লাগবেই। কিন্তু এমন সুনশান রাজধানী দেখতেও খারাপ লাগছে না।”

সকাল ৯টায় মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে মিরপুর-১ নম্বর হয়ে কল্যাণপুর আসেন মনিপুরের বাসিন্দা অভি। এই পথে কোথাও যানজট না থাকায় মোটর সাইকেলে মাত্র ১০ মিনিটে চলে আসেন তিনি।

“অন্য সময় এই পথ আসতে হালকা যানজট থাকলেও আধা ঘণ্টা সময় লাগে। আর যানজট বেশি হলেও তো কথাই নেই। আজ একবারের জন্যও সিগনাল দেখিনি, যানজটও নেই।”

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নুরুল ইসলাম ঈদের ছুটি কলকাতা যাচ্ছেন। অন্য দিনের মতো সময় নিয়ে মোহাম্মদপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পথে রওনা হয়ে অনেক আগেই পৌঁছে যান তিনি।

নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ভেবেছিলাম হয়ত একটু বেশি সময় লাগবে। কিন্তু, আধা ঘণ্টার আগেই যে এয়ারপোর্টে পৌছে যাব; তা ভাবিনি।”

উত্তরার গৃহিণী নায়লা চৌধুরী তার বাসা থেকে নিজের গাড়িতে ২৭ মিনিটে মিরপুরের দক্ষিণ বিশিলে তার এক অসুস্থ আত্মীয়কে দেখতে তার বাসায় পৌঁছে যাওয়ার কথা জানান। পরে তিনি বনানীতে কিছু কেনাকাটা করে ঘরে ফেরেন। 

নায়লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে আমি যে কাজ করেছি; স্বাভাবিক দিনে তা দুই দিনে করতে হত।”

মিরপুর-সদরঘাট সড়কের বিহঙ্গ পরিবহনের বাসচালক মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খালি রুটে চালানোর মজাই আলাদা। আজকে তো রোকেয়া সরণী থেকে এক টানে ফার্মগেইট আসছি, অন্যসময় তো আধা ঘণ্টা সিগনালেই থাকি।”

ফাঁকা সড়কে চলার আনন্দের কথা জানালেও কিছুটা অভিযোগ রয়েছে যাত্রীদের।

মিরপুর থেকে সাইন্সল্যাবে আসা ক্ষুদ্র ব্যবসায়ী রুবেল মিয়া বলেন, “প্যাসেঞ্জার নাই দেখে ড্রাইভাররা জায়গায় জায়গায় দাঁড়ায় থাকে। বোনাসের নামে ভাড়াও বেশি নিচ্ছে।”

এদিকে আগারগাঁও, মতিঝিলসহ বিভিন্ন এলাকার অফিস পাড়াগুলো একেবারে জনশূন্য হলেও গুলিস্তান, নিউমার্কেট, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, মিরপুর, কারওয়ানবাজার, ফার্মগেটের বিপণি বিতানগুলোতে কিছুটা লোকসমাগম দেখা যায়।

শেষ মুহূর্তে জামা, গো-খাদ্য, মশলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের খোঁজে বিপণি বিতানগুলোতে এসেছেন তারা।

এদিকে ঈদের ছুটিতে যারা ঢাকায় আছেন তাদের জন্য সেজে উঠছে বিনোদন কেন্দ্রগুলোও। শুক্রবার মিরপুরের চিড়িয়াখানা, শাহবাগের শিশু পার্কসহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে দেখা যায় সাজ সাজ রব।