উত্তর-দক্ষিণের পথে ‘ঝামেলাহীন সুশৃঙ্খল’ যাত্রা
ঈদের মাত্র দুইদিন বাকি থাকলেও রাজধানীর অন্যতম প্রবেশ পথ গাবতলী ও কল্যাণপুরে ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়নি।
যাত্রীর চাপ কম হওয়ায় দেশের উত্তরাঞ্চলের দিকে ঈদযাত্রা অনেকটা সুশৃঙ্খল ও ঝামেলামুক্তভাবে হচ্ছে বলে মনে করছেন কাউন্টার ব্যবস্থাপক ও কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বুধবার সকাল সাড়ে ৮টায় ঢাকার গাবতলী, শ্যামলী ও কল্যাণপুর এলাকা ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গের পথে অন্যবারের মতো এবার ঈদযাত্রায় ভিড় নেই। মহাসড়কে বড় ধরনের যানজট না থাকায় গাড়িগুলোও ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময়ে।
হানিফ পরিবহনের কাউন্টারের সামনে অপেক্ষমাণ যাত্রী রাসেল জানান, বাবা-মা, বোনসহ তারা পরিবারের চার সদস্য ঈদ করতে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন। সকাল ৯টায় নির্ধারিত সময়েই তাদের ভলভো বাস কাউন্টারে এসে হাজির হয়েছে।
অন্য সময় টিকেটের মূল্য ১২শ টাকা হলেও এবার যেতে হচ্ছে জনপ্রতি ১৫শ টাকা খরচ করে। অবশ্য অতিরিক্ত এই ভাড়াকে অন্যায় বলতে নারাজ এই পরিবারের সব সদস্য।
“আমি মনে করি এটা যৌক্তিক। কারণ গাড়িটি আসার সময় প্রায় ফাঁকাই আসবে। ঈদযাত্রায় মানুষজন সব সময় একমুখী। তাই ভাড়া একটু বাড়তে পার,” বলেন রাসেলের বাবা।
তিনি বলেন, টেনশন থাকলেও ভোগান্তির মুখে পড়েননি তিনি। গাইবান্ধা যাওয়ার জন্য মঙ্গলবারই টিকেট কেটে গেছেন। সিট পড়েছে বাসের পেছনের অংশে। টিকেটের দাম ৮০ টাকা বেড়ে ৫২০ টাকা হয়েছে। কিন্তু গাড়ি ছেড়েছে সময় মতো।
অরিন পরিবহনের ব্যবস্থাপক বাবুল প্রসাধ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বালেন, ঈদে তাদের একটি এসি সার্ভিস ও তিনটি নন এসি সার্ভিস রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে যাচ্ছে। নির্ধারিত সার্ভিসের অতিরিক্ত টিকেট তারা ছাড়েননি। যতটি বাস ততটি সার্ভিস। ফলে কোনো ঝামেলায় পড়তে হচ্ছে না।
মহাসড়কেও যানজট পরিস্থিতি বেশ স্বস্তিদায়ক বলে জানান এই পরিবহনকর্মী।
শ্যামলী পরিবহনের কাউন্টারে অগ্রিম কেনা চারটি টিকেটের মধ্যে দুটি ফেরত দিতে গিয়েছিলেন বেসরকারি প্রতিষ্ঠান ম্যাডিসন গ্রুপের কেমিক্যাল ইঞ্জিনিয়ার তুহিন। বাস ছাড়ার আগেই টিকেট পুনরায় বিক্রি হওয়া সাপেক্ষে ফেরত নিতে রাজি হয়েছেন কাউন্টারের কর্মীরা।
তবে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও টিকেট বিক্রি না হওয়ায় কিছুটা চিন্তার ছাপ দেখা গেল তুহিনের মুখে।
“দুই ঘণ্টা পর বাস ছাড়বে। এখনও দুটো টিকেট বিক্রি করা যায়নি। অথচ গত ১৮ অগাস্ট লাইনে দাঁড়িয়ে বহুকষ্টে জে-সিরিজের চারটা টিকেট সংগ্রহ করেছিলাম।”
টিকেট বিক্রির কারণ জানতে চাইলে তুহিন বলেন, “ভাই ভাবীর জন্য দুটো টিকেট কিনেছিলাম। কিন্তু তাদের ছুটি আজ মেলেনি। তারা বৃহস্পতিবারে বাড়ি যাবেন। সেই টিকেটও আজকে পেয়েছি।”
মাত্র দুদিন বাদেই শনিবার বাংলাদেশে ঈদুল আজহা। ঈদের আগে পরে তিনদিন ছুটির মধ্যে দুইদিনই সরকারি ছুটি পড়েছে। ফলে কেবল রোববার ঈদ উপলক্ষে অতিরিক্ত ছুটি মিলছে এবার।
অবশ্য এই পরিস্থিতিকে কাঙ্ক্ষিত বলতে চেয়েছেন কেয়া পরিবহনের যাত্রী সীমানা।
তিনি বলেন, “আজকে ভিড় না হলেও কালকে ঠিকই ভিড় পড়ে যাবে। দূরপাল্লার যাত্রা পরিকল্পিত ও ঝামেলামুক্ত হওয়াই উচিত। ভিড়বাট্টা কৃত্রিম। টিকেটের দাম বাড়ানোর জন্য পরিবহনের লোকজন কৃত্রিম সঙ্কট সৃষ্টি করলেই কেবল ভিড় হয়।”
যাত্রীদের নিরাপত্তায় পুলিশের বসানো একটি তল্লাশি চৌকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দারুস সালাম থানার এসআই শঙকর বালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে ১০টা পর্যন্ত যাত্রীদের কোনো অভিযোগ পাননি তারা। অন্যবারের তুলনায় এবার ভিড়ও কিছুটা কম।
লোকজন আগের চেয়ে সচেতন হয়ে পরিকল্পিতভাবে ঈদে বাড়ি ফেরায় ঝামেলা কমেছে বলে মনে করছেন তিনি।
বরিশাল-বরগুনাগামী সোনারতরী পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক আলী হোসেন বলেন, রাস্তায় কিংবা ফেরিতে এবার এখনও কোনো ঝমেলা হয়নি। ফলে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন।
