সম্পদের হিসাব না দেওয়ায় রানার ৩ বছর সাজা
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েস মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।
এক সময়ের যুবলীগ নেতা হিসেবে পরিচয় দেওয়া রানাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। ওই টাকা দিতে না পারলে আরও তিন মাস তাকে এ মামলায় জেলে থাকতে হবে।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে সোহেল রানার মালিকানাধীন বহুতল বাণিজ্যিক ভবন রানা প্লাজা ধসে পড়লে তা বিশ্বব্যাপী আলোচনার সৃষ্টি করে। ওই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিকের মৃত্যু হয়।
ভবন ধসের পর পালিয়ে যাওয়া রানাকে চারদিন পর যশোর থেকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন অভিযোগে সে সময় রানার বিরুদ্ধে ছয়টি মামলা হয়, যার প্রথমটির রায় হল মঙ্গলবার।
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে রানার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল দুদক। তাদের অন্যতম আইনজীবী সালাউদ্দিন ইসকান্দর বলেন, দুদক আইনের এই ধারায় রানাকে সর্বোচ্চ সাজাই বিচারক দিয়েছেন। এই রায়ে তারা সন্তুষ্ট।
ভবন ধসের পর ২০১৩ সালে গ্রেপ্তার সোহেল রানা (ফাইল ছবি)
“এ মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল ২০১৩ সালের ২০ মে। সে অনুযায়ী তার আর নয় মাস সাজা খাটার কথা। তবে এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব।”
রায়ের সময় আদালতে উপস্থিত আইনজীবীরা জানান, বিচারক যখন সাজা ঘোষণা করেন, তখন রানার মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ তারা দেখেননি।
বরং কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারককে রানা বলেন, “স্যার, রায়ের মধ্যে যেন হাজতবাসকালীন মেয়াদ বাদ দেওয়া হয়।”
উত্তরে বিচারক বলেন, “সেটা তোমার কাছ থেকে আমার শুনতে হবে?”
দুদকের এ মামলার এজহারে বলা হয়, সোহেল রানা, তার স্ত্রী এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত স্থাবর, অস্থাবর সম্পদ ও সম্পত্তি, দায়-দেনা, উৎস এবং তার অর্জনের বিস্তারিত বিবরণী দাখিলের জন্য ২০১৩ সালের ২২ মে একটি নোটিস দেওয়া হয়েছিল।
ওই সময় রানা কাশিমপুর কারাগারে থাকায় ২০১৫ সালের ১ এপ্রিল আবারও ওই নোটিস কারাগারে পাঠানো হয়। কিন্তু সম্পদ বিবরণীর ফরম পূরণ না করেই রানা তা ফেরত পাঠান।
“২০১৫ সালের ৪ এপ্রিল নিজ স্বাক্ষরে রানা নোটিস গ্রহণ করেন। কিন্তু নোটিসের বিধি অনুযায়ী সাত কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।”
এরপর ওই বছর ২ মে দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম রমনা থানায় মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ১ অগাস্ট রানার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
এরপর চলতি বছর ২৩ মার্চ অভিযোগ গঠনের মধ্যে দিয়ে রানার বিচার শুরু করে আদালত। রাষ্ট্রপক্ষে মোট নয় জন এ মামলায় সাক্ষ্য দেন।
গত ২২ আগস্ট দুই পক্ষের যুক্তি-তর্কের শুনানি শেষে বিচারক রায়ের তারিখ ঠিক করে দেন।
রানার বিরুদ্ধে মাদক, অবৈধ অস্ত্র, ইমারত বিধি, ভবনের নকশা জালিয়াতি ও হত্যার অভিযোগে আরও পাঁচটি মামলা বিচারাধীন বলে তার আইনজীবী জানিয়েছেন।
