রানা প্লাজার রানার এক মামলার রায় মঙ্গলবার
রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে সম্পদের হিসাব দাখিল না করার দুদক যে মামলাটি করেছিল, মঙ্গলবার তার রায় হবে।
ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে মামলাটি রায়ের জন্য নির্ধারিত রয়েছে বলে জানিয়েছেন দুদকের অন্যতম আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২২ আগস্ট মামলার যুক্তি-তর্কের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ঠিক করেন বিচারক।মামলাটিতে ৯ জনের সাক্ষ্য নেওয়া হয়।”
এই মামলায় দোষ প্রমাণিত হলে সোহেল রানার সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে।
তার বিরুদ্ধে হত্যা, ইমারত নির্মাণে ত্রুটিসহ নানা অভিযোগে আরও কয়েকটি মামলা ঢাকার আদালতে বিচারাধীন।
২০১৩ সালের এপ্রিলে সাভারে সোহেল রানার মালিকানাধীন বহুতল বাণিজ্যিক ভবন রানা প্লাজা ধসে পড়লে তা বিশ্বব্যাপী আলোচনার সৃষ্টি করে। ওই ধসে ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক মারা যান।
ধসের পর পালিয়ে যাওয়া রানাকে কয়েকদিন পর যশোর থেকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে বন্দি তিনি।
গ্রেপ্তারের পর রানার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। সম্পদের হিসাব দাখিল না করার মামলাটিও হয় তখনই।
এজহারে বলা হয়, সোহেল রানা তার নিজের, স্ত্রী এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত স্থাবর, অস্থাবর সম্পদ ও সম্পত্তি, দায়-দেনা, উৎস এবং তার অর্জনের বিস্তারিত বিবরণী দাখিলের জন্য ২০১৩ সালের ২২ মে নোটিস ইস্যু করে দুদক।
তবে রানা কাশিমপুর কারাগারে থাকায় দুদক ২০১৫ সালের ১ এপ্রিল ওই নোটিস পুনরায় কারাগারে পাঠায়। কিন্তু সম্পদ বিবরণীর ফরম পূরণ না করেই রানা তা ফেরত পাঠান বলে মামলায় অভিযোগ করা হয়।
এতে বলা হয়, “২০১৫ সালের ৪ এপ্রিল নিজ স্বাক্ষরে বিবরণী নোটিস গ্রহণ করেন রানা। কিন্তু নোটিসের বিধি মোতাবেক সাত কার্যদিবসের মধ্যে রানা সম্পদ বিবরণী দাখিল করেননি।”
এরপর ওই বছর ২ মে দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম রমনা থানায় সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগ এনে রানার বিরুদ্ধে মামলাটি করেন।
তদন্ত করে ২০১৬ সালের ১ আগস্ট আদালতে রানার বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়ে। ২০১৭ সালের ২৩ মার্চ রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
