২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তামনির জ্বর, হয়নি দ্বিতীয় অস্ত্রোপচার

‘হেমানজিওমায়’ আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির হাতে প্রথম অস্ত্রোপচারের পর শরীরে জ্বর থাকায় দ্বিতীয় অস্ত্রোপচার পিছিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 01:22 PM

Updated : 19 Aug 2022, 05:25 PM

দ্বিতীয় অস্ত্রোপচারের নির্ধারিত দিন মঙ্গলবার সকাল ৮টার দিকে তাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়াও হয়; অস্ত্রোপচারের কাজ শুরু করলেও শরীরে জ্বর অনুভূত হওয়ায় কেবিনে ফিরিয়ে নেওয়া হয় মুক্তামনিকে।

ঈদের পর ১২ বছরের এই শিশুর দ্বিতীয় অস্ত্রোপচার করা হবে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনেটের সমম্বয়ক সামন্তলাল সেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দ্বিতীয় অস্ত্রোপচারের জন্য সব কিছু প্রস্তুত ছিল। কিন্তু অপারেশন কক্ষে নেওয়ার পর তার শরীরের কিছুটা জ্বর বুঝতে পারেন চিকিৎসকরা। আংশিক অপারেশন করে তাকে ফিরিয়ে আনা হয়।

প্রথম অস্ত্রোপচার সফল হয়েছে জানিয়ে ডা. সামন্তলাল বলেন, “কয়েকবার ড্রেসিং করা হয়েছে। আমরা যে রকম প্রত্যাশা করেছিলাম। তার চেয়ে ভাল আছে মুক্তামনি।”

‘হেমানজিওমায়’ আক্রান্ত মুক্তামনির প্রথম অস্ত্রোপচার হয় গত ১২ অগাস্ট। প্রায় আড়াই ঘণ্টার জটিল ওই অস্ত্রোপচারে ২০ সদস্যের বেশি চিকিৎসকদের একটি দল যুক্ত ছিল।

হাতে বিকট আকৃতির ফোলা নিয়ে গত ১১ জুলাই ঢাকা মেডিকেলে ভর্তি হয় সাতক্ষীরার শিশু মুক্তামণি। মুক্তার রোগটি ‘হাইপারকেরাটসিস’ বা স্কিন ক্যান্সার হতে পারে বলে প্রথমে ধারণার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা।

রোগ শনাক্ত করতে গত ৫ অগাস্ট তার হাতের টিস্যু সংগ্রহ করে বায়োপসি পরীক্ষা করা হয়। বায়োপসির পর ডা. সামন্তলাল সেনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি মেডিকেল বোর্ড মুক্তামনির রোগটি হেমানজিওমা বলে শনাক্ত করে।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, হেমানজিওমা হলো শিশুদের রক্তনালীর মধ্যে টিউমার যেগুলোতে ক্যান্সার থাকে না। এই টিউমার শিশুদের মধ্যে প্রায়ই দেখা যায়। ত্বকের উপরিভাগে লাল গুটির মতো দেখতে এই টিউমার একটা সময়ের পর বিনা চিকিৎসায় মিশে যায়।

বেশিরভাগ শিশুরই এতে কোনো সমস্যা হয় না। তবে ফেটে গিয়ে রক্ত বের হলে তা যন্ত্রণাদায়ক হয়। টিউমারের আকার ও অবস্থানের উপর নির্ভর করে এটা বিকৃতও হয়ে যেতে পারে। উপরন্তু এগুরো স্নায়তন্ত্র বা মেরুদণ্ডের সমস্যাও তৈরি করতে পারে।

ত্বক ছাড়াও যকৃত ও ফুসফুসের মতো অভ্যন্তরীণ অঙ্গেও হেমানজিওমা হতে পারে। এগুলোও সাধারণত সমস্যা করে না।

মুক্তামনির বাবা ইব্রাহিম হোসেন জানান, দেড় বছর বয়সে মুক্তার ডান হাতে একটি ছোট গোটা দেখা দেয়। পরে তা বাড়তে বাড়তে বছর চারেক আগে এমন পর্যায়ে যায় যে স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয়। সে সব সময় যন্ত্রণায় অস্থির থাকে। আক্রান্ত হাতটি ফুলে দেহের চেয়ে ভারি হয়ে উঠে, সঙ্গে তার শরীর শুকিয়ে যেতে থাকে।

পুরনো খবর:

মুক্তামনির রোগ শনাক্ত, অস্ত্রোপচার শনিবার
মুক্তামনির প্রথম অস্ত্রোপচার ‘সফল’