২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রায় ট্রেনে বাড়ছে ভিড়

ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিনে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 12:38 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

মঙ্গলবার সকাল থেকে কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়া ট্রেনগুলোয় আগের দুইদিনের চেয়ে বেশি ভিড় দেখা যায়; সেইসঙ্গে ট্রেনের সময়সূচিতে আগের দুইদিনের চেয়ে গড়বড় বেড়েছে বেশি।

ট্রেনের ঈদযাত্রায় ১৮ অগাস্ট আগাম টিকেট বিক্রি শুরু হয়েছিল। সেদিন টিকেট কেনা যাত্রীরা গত রোববার ঘরমুখে যাত্রা করেছেন; আর ২০ অগাস্ট টিকেট কেনা যাত্রীরা যাচ্ছেন মঙ্গলবার।

এদিন বাড়ি ফেরার যাত্রা শুরুর আগে কিছুটা চিন্তা থাকলেও ট্রেনে চড়ার পর অনেকটাই স্বস্তি বোধ করছেন বলে জানান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম সারওয়ার তুহিন।

“গাড়িতে উঠে চিন্তামুক্ত। এখন বাড়ি যেতে পারব। লাইন খারাপ থাকায় ট্রেন দিনাজপুর পর্যন্ত যাবে কিনা- তা নিয়ে চিন্তায় ছিলাম। পরে জানলাম দিনাজপুর পর্যন্তই যাবে। এখন আর চিন্তা নাই।”

ঈদের আগে বৃহস্পতিবার পর্যন্ত কর্মদিবস চলবে। তাই সেদিন থেকে ঈদযাত্রায় ব্যাপক ভিড় বেশি হবে আশঙ্কায় ঝামেলা এড়াতে কিছুটা আগেভাগেই বাড়ি যাচ্ছেন গৃহিনী কানিজ ফাতেমা।

“ঈদের আগে আগে ট্রেনগুলোয় খুব ভিড় হয়। বাচ্চা নিয়ে যাওয়া খুব ঝামেলার। এজন্য ফাঁক রেখে যাচ্ছি। আজ ভিড় থাকলেও সেটা খুব বেশি না। বাড়ি যাচ্ছি ব্যাপক ভালো লাগছে।”

এদিকে মঙ্গলবারও কয়েকটি আন্তঃনগর ট্রেন দেরি করে ছেড়েছে।

খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি সকাল ৮টা ৪০ মিনিটে ছেড়ে যায়। ঢাকা-চিলাহাটি রুটের নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টার ছাড়ার কথা থাকলেও সেটি সকাল ১০টায় ছেড়ে যায়।

দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেন এক ঘণ্টা দেরিতে ছাড়ে। ঈদের এ বিশেষ ট্রেন ছাড়ার কথা ছিল সকাল পৌনে ৯টায়। দিনাজপুরের একতা এক্সপ্রেস ট্রেন বেলা ১০টায় ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়েছে সাড়ে ১০টায়।

জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময় বেলা পৌনে ১০টা, ট্রেন স্টেশন ছাড়ে বেলা পৌনে ১১টায়।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া রুটের তিতাস কমিউটার ট্রেনটি সাড়ে ৯টার বদলে সোয়া ১০টায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস ১০টা ৩৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ১০টা ৫৫ মিনিটে ছেড়ে যায়।

ট্রেন দেরি করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌসী নুজুলা জানান, গরমে ভোগান্তি বেড়েছে আরও।

“১০টায় ট্রেন ছাড়ার কথা। কিন্তু এখনও ছাড়ছে না। গরমে খুব অস্থির লাগছে।”

মঙ্গলবার বেলা সাড়ে ১০টা পর্যন্ত ২২টি ট্রেন ছেড়ে গেছে বলে জানান কমলাপুরের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী।

তিনি বলছেন, এদিন কিছু ট্রেন দেরি করে কমলাপুর স্টেশনে পৌঁছার পাশাপাশি কয়েকটি ট্রেনে অতিরিক্ত বগি জুড়ে দিতে হওয়ায় স্টেশন ছাড়তে কিছুটা দেরি হয়েছে।

“নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির বিলম্ব গতকালের চেয়ে কমিয়ে এনেছি। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে দুটি অতিরিক্ত বগি সংযোজন করতে হয়েছে। এসব কারণে দেরি হয়েছে। তবে দেরি হওয়ার পরেও লোকজন যেন ঠিকমতো যেতে পারে, আমরা সেদিকে জোর দিচ্ছি।”

ঈদের যাত্রীদের চাপ সামাল দিতে প্রায় সব ট্রেনেই অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে জানিয়ে সিতাংশু চক্রবর্ত্তী জানান, লালমনি এক্সপ্রেসে সবচেয়ে বেশি পাঁচটি অতিরিক্ত বগি যুক্ত হয়েছে।