২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধান মেলেনি ব্যবসায়ী অনিরুদ্ধের

অপহরণের ২৪ ঘণ্টা পেরোলেও সন্ধান মেলেনি ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 12:56 AM

Updated : 19 Aug 2022, 05:26 PM

তাকে অপহরণে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, তার নম্বরও ভুয়া বলে জানা গেছে।

গত বছর হলি আর্টিজেন বেকারিতে হামলার পর গুলশান-বারিধারার কূটনীতিক পাড়ায় কঠোর নিরাপত্তার মধ্যে রোববার দিনের বেলাতেই ওই এলাকা থেকে অপহরণ করা হয় ব্যবসায়ী অনিরুদ্ধকে।

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিকী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ব্যবসায়ীকে উদ্ধারের সব চেষ্টা করা হচ্ছে। তার ব্যবসায়িক অংশীদারদের সঙ্গেও কথা বলেছেন তারা।

থানা পুলিশ ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও এ ক্ষেত্রে কাজ করছেন বলে জানান তিনি।

এই ব্যবসায়ীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আরএমএম গ্রুপে অনিরুদ্ধের অংশীদার ছিলেন মহিউদ্দিন মাহিন ও এম এ মাজেদ। অনিরুদ্ধের রুদ্ধ এবং মহিউদ্দিন মাহিম ও এম এ মাজেদের নামের প্রথম অক্ষর দিয়ে আরএমএম গ্রুপের নাম করা হয়। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য রহমত উল্লাহও এক সময় অনিরুদ্ধের ব্যবসায়িক অংশীদার ছিলেন।

ওসি বলেন, “ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই অপহরণের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে রহমত উল্লাহসহ প্রায় সকল অংশীদারদের সাথে কথা বলা হয়েছে।”

অনিরুদ্ধের এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রহমত উল্লাহর সঙ্গে অনিরুদ্ধের যে ব্যবসায়িক অংশীদারিত্ব ছিল, তা প্রায় দুই বছর আগে চুকে যায়। মাজেদ ও মাহিনের সঙ্গেও ব্যবসায়িক সম্পর্ক চুকিয়ে দিচ্ছিলেন তিনি”

তবে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বের কথা জানা নেই অনিরুদ্ধের এই স্বজনের।

এ বিষয়ে কথা বলতে আওয়ামী লীগ সংসদ সদস্য রহমত উল্লাহর নম্বরে কল করা হলেও তিনি ফোন ধরেননি। এসএমএস পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

মাহিনের ফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী তা ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার প্রেসার বেড়েছে, ডাক্তারের পরামর্শে তিনি বিশ্রামে আছেন।”

Image
এই জায়গা থেকে অনিরুদ্ধ কুমার রায়কে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়

এই জায়গা থেকে অনিরুদ্ধ কুমার রায়কে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়

অনিরুদ্ধকে অপহরণের প্রত্যক্ষদর্শী তার গাড়িচালক শাহ আলমের উদ্ধৃতি দিয়ে এই স্বজন জানান, অনিরুদ্ধ যখন ইউনিয়ন ব্যাংক থেকে বের হয়ে নিজ গাড়িতে উঠবেন, তখন চারজন লোক এসে তার কোমরের বেল্ট ধরে পাশে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসে (ঢাকা মেট্রো- চ- ০২-২৬৮৬) তুলে নেয়।

“তবে যে গাড়িতে করে অনিরুদ্ধকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, সে গাড়ির নম্বর পাওয়ার পর রোড ট্রান্সপোর্ট অথরিটিতে খোঁজ নিয়ে দেখা গেছে, এই নাম্বারে কোনো গাড়ির রেজিস্ট্রেশন নেই।”

এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক শামল কুমার রায় এক বিবৃতিতে অনিরুদ্ধ অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

তারা অবিলম্বে অনিরুদ্ধকে উদ্ধার করতে উদ্যোগী হতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

পুরনো খবর:

গুলশান থেকে ব্যবসায়ীকে অপহরণ