২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো আছে তোফা-তহুরা, ‘নেই আর কোনো শঙ্কা’

প্রায় এক মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা জীবন পাওয়া শিশু তোফা ও তহুরাকে নিয়ে আর কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন তাদের একজন চিকিৎসক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 03:28 AM

Updated : 11 Oct 2022, 02:27 PM

পুরনো খবর:

তহুরার চেয়ে ভালো আছে তোফা
পৃথক জীবনে তোফা-তহুরা, হাত-পা নেড়ে কান্না
আলাদা করতে তোফা-তহুরার অস্ত্রোপচার শুরু

অস্ত্রোপচারের ক্ষত পুরোপুরি না শুকালেও তা কয়েক দিনের মধ্যে ভালো হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনুর ইসলাম।

রোববার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইনফেকশনের ঝুঁকি আর নাই, নেই কোনো ধরনের শঙ্কাও।”

গত পহেলা অগাস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় সাড়ে ছয় ঘণ্টার অস্ত্রোপচারে দুই বোনকে আলাদা করেন চিকিৎসকরা।

অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যা কেন্দ্রের পাশের একটি কক্ষে প্রায় ২০ দিন রাখা হয় তোফা ও তহুরাকে।

সে সময় সংক্রমণের ঝুঁকি এড়াতে তাদের সম্পূর্ণ আলাদা কক্ষে রাখা হয় বলে জানান চিকিৎসক শাহনুর ইসলাম।

সাত দিন আগে ওই কক্ষ থেকে দুই বোনকে তৃতীয় তলার একটি কেবিনে আনা হয়। বর্তমানে সেখানেই আছে তারা।

তোফা ও তহুরার স্বজনরাও জানান স্বস্তির কথা। বর্তমান পরিস্থিতির কথা জানতে চাইলে আবেগতাড়িত হয়ে পড়েন শিশু দুটির মা সাহিদা বেগম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অনেক ভালো আছে, আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছে।”

শিশু দুটির চঞ্চলতার কথা জানিয়ে তিনি বলেন, “ছোট বাচ্চার মতি বুঝা যায় না, দুজনই এক সঙ্গে কাঁদে, হাসে আবার খেলাও করে।”

কোরবানির ঈদ নিজের বাড়িতে উদযাপনের ইচ্ছা প্রকাশ করে সাহিদা বলেন, “গ্রামের বাড়িতে যাইতে চাই, কিন্তু রাস্তায় যানজট আর বাড়ির চারদিকে পানি। তাই বাড়িতে যেতে ভয় হচ্ছে।”

শিশু দুটির অস্ত্রোপচারের স্থানের ক্ষতের বিষয়ে জানতে চাইলে তাদের মা বলেন, “এক ইঞ্চির মতো জায়গায় ঘা রয়েছে। ডাক্তার ম্যাডাম বলল- সমস্যা নাই। বাচ্চারা অনেক ভালো আছে। কোনো ভয় নাই।”

শিশু দুটির মা ঈদ করতে বাড়ি যেতে চাইলেও এতে রাজি নন চিকিৎসকরা।

চিকিৎসক শাহনুর ইসলাম বললেন, “তারা ঈদ করতে গ্রামের বাড়িতে যেতে চায়। কিন্তু এই অবস্থায় যাওয়া ঠিক হবে না।”

মলদ্বারের পথ তৈরির জন্য শিশু দুটির শরীরে ছয় মাস পরে আরেকটি অস্ত্রোপচারের প্রয়োজন হবে বলে জানান তিনি।

তোফা-তহুরার বাবা মো. রাজুও সন্তুষ্টি প্রকাশ করেন তার মেয়েদের স্বাস্থ্যগত অগ্রগতিতে।

তিনি বলেন, “আল্লাহর রহমতে ১৫ দিন ধরে জ্বর নাই। কোনো পুঁজও বের হয় না। অনেক ভালো আছে।”

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবনের কৃষক রাজু মিয়ার এই জমজ শিশু জোড়া লাগানো অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল গত বছরের ২৯ সেপ্টেম্বর।

তোফা আর তহুরার পিঠের দিক থেকে কোমরের নিচ পর্যন্ত মেরুদণ্ডের হাড় সংযুক্ত ছিল। মাথা-হাত-পা আলাদা হলেও তাদের মলদ্বার ছিল একটি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এমন ঘটনাকে বলা হয় ‘পাইগোপেগাস’।