তহুরার চেয়ে ভালো আছে তোফা
অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা জীবন পাওয়া শিশু তোফা তার সহোদর তহুরার চেয়ে ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অস্ত্রোপচারের এক সপ্তাহ পর মঙ্গলবার দুপুরে তাদের অবস্থা জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনুর ইসলাম এ তথ্য জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তুলনামূলকভাবে তোফা তহুরার চেয়ে ভালো আছে। তহুরার জ্বর আছে, তোফার নেই।”
দশ মাসের শিশু তোফা ও তহুরা এখনও রয়েছে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। সংক্রমণের আশঙ্কায় এখনও শিশু দুটিকে পরিপূর্ণভাবে ঝুঁকিমুক্ত বলছেন না ডা. শাহনুর।
“ইনফেকশনের ঝুঁকিকে আমরা ভয় পাই। এখন দুটি বাচ্চাই মাইলড সেফটাসিমিক ফর্মে আছে। যেহেতু সেফটাসিমিয়া আছে, তাই শঙ্কামুক্ত বলা যাবে না। এই অপারেশনের ঝুঁকিটা ওখানেই।”
“তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব,” বলেন এই চিকিৎসক।
দুটি শিশুকে পোস্ট অপারেটিভের পাশে আলাদা একটি কক্ষে রাখা হয়েছে। ওই কক্ষে তাকেও বারবার যেতে দেওয়া হয় না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তোফা ও তহুরার বাবা রাজু মিয়া।
শিশু দুটির সঙ্গে থাকা তাদের মা সাহিদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তহুরার জ্বর আছে। আর দুজনের পুঁজ আসে।”
তহুরার পুঁজ পাওয়ার কথা জানিয়ে ডা. শাহনুর বলেন, দুজনেরই কিছু পরীক্ষা-নিরীক্ষা করছেন তারা।
দুই সন্তানকেই নিয়মিত বুকের দুধ দিচ্ছেন সাহেদা।
“ডাক্তাররা আমসহ ফলের জুস করে খাওয়াতে বলেছে। কিন্তু আমাদের আর্থিক অবস্থা তো জানেন,” দীর্ঘশ্বাস ছেড়ে বলেন সাহিদা।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবনের কৃষক রাজু মিয়ার এই জমজ শিশু জোড়া লাগানো অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল গত বছরের ২৯ সেপ্টেম্বর।
তোফা আর তহুরার পিঠের দিক থেকে কোমরের নিচ পর্যন্ত মেরুদণ্ডের হাড় সংযুক্ত ছিল। মাথা-হাত-পা আলাদা হলেও তাদের মলদ্বার ছিল একটি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এমন ঘটনাকে বলা হয় ‘পাইগোপেগাস’।
গত ১ অগাস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় সাড়ে ছয় ঘণ্টার অস্ত্রোপচারে দুই বোনকে আলাদা করেন চিকিৎসকরা।
