২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুধ খেয়েছে তোফা-তহুরা

অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা জীবন পাওয়া দশ মাসের শিশু তোফা ও তহুরা এখন মায়ের দুধ খেতে পারছে; তাদের সাড়া প্রত্যাশার চেয়েও ভালো বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2017, 06:15 PM

Updated : 11 Oct 2022, 02:20 PM

পুরনো খবর:

পৃথক জীবনে তোফা-তহুরা, হাত-পা নেড়ে কান্না

মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপাচারের পর এক দিন পেরিয়ে গেলেও যমজ দুই শিশুকে রাখা হয়েছে পোস্ট আপারেটিভ বিভাগে।

শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, “বাচ্চা দুটো ভালো আছে। তবে আশঙ্কামুক্ত বলার সময় এখনও আসেনি। এত বড় একটা অপারেশন… যতদিন লাগবে আমরা পোস্ট আপারেটিভে রাখব।”

এই চিকিৎসক জানান, বুধবার মায়ের দুধ খেয়েছে তোফা আর তহুরা। দশ মাস বয়সী বাচ্চাদের যে রকম মাঝেমধ্যে কান্নাকাটি বা মল-মুত্র ত্যাগ করার কথা, দুজনেই তা করছে।

“যে ধরনের রেসপন্স দেখলে চিকিৎসকরা ভালো বোধ করেন, তা আমরা পাচ্ছি। আমাদের প্রত্যাশার চেয়েও ভাল আছে ওরা। বাকিটা আপনারা দোয়া করবেন।”

গত বছরের ২৯ সেপ্টেম্বর জোড়া লাগানো শরীর নিয়ে জন্ম হয় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন ইউনিয়নের কৃষক রাজু মিয়া ও তার স্ত্রী শাহিদা বেগমের এই যমজ সন্তানের।

তোফা আর তহুরার পিঠের দিক থেকে কোমরের নিচ পর্যন্ত মেরুদণ্ডের হাড় সংযুক্ত ছিল। মাথা-হাত-পা আলাদা হলেও তাদের মলদ্বার ছিল একটি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এমন ঘটনাকে বলা হয় ‘পাইগোপেগাস’।

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় সাড়ে ছয় ঘণ্টা অপারেশনের পর আলাদা করা হয় তোফা ও তহুরাকে; শুরু হয় তাদের পৃথক জীবন।

অস্ত্রোপাচারের প্রায় আড়াই ঘণ্টা পর সংজ্ঞা ফেরে দুই বোনের; হাত-পা নেড়ে কেঁদে উঠে বাবা-মাকে তারা আনন্দে ভাসায়।

তোফা-তহুরার মা সাহিদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, বুধবার সকাল ১০টার দিকে চিকিৎসকের অনুমতি নিয়ে তিনি বাচ্চাদের দুধ খাইয়েছেন। অনেকেই আসছেন, শুভকামনা জানাচ্ছেন তার সন্তানদের জন্য। 

সহযোগী অধ্যাপক শাহনুর ইসলাম বলেন, “এতবড় অপারেশনে বাচ্চা দুটো আলাদা হয়েছে, অনেকেই কৌতুহল নিয়ে দেখতে আসবেন, সেটা স্বাভাবিক। তবে দর্শনার্থী যত কম আসবে, চিকিৎসার জন্য তত ভালো।”