বিএনপির মতো আ. লীগ সরকারও ধর্ষকদের ক্ষমা করছে: নারী মুক্তি কেন্দ্র
দেশের বিভিন্ন স্থানে নারী-শিশুদের উপর নির্যাতন ও সহিংসতার ঘটনায় বিক্ষোভ করেছে নারী মুক্তি কেন্দ্র।
বিএনপির মতো বর্তমান আওয়ামী লীগ সরকারও ধর্ষকদের ‘ক্ষমা করছে’ বলে শুক্রবার রাজধানীতে সংগঠনটির বিক্ষোভ-সমাবেশ থেকে অভিযোগ করা হয়।
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত বলেন, ১৯৯৫ সালের ২৪ অগাস্ট দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে পুলিশ সদস্যরা ধর্ষণ ও হত্যার পর এর বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবসের’ সৃষ্টি হয়।
“সেদিন আন্দোলনের মধ্য দিয়ে ধর্ষক পুলিশের বিচার হয় এবং তাদের ফাঁসি হয়। কিন্তু এখন দেখছি, বিএনপি সরকারের মতো বর্তমান আওয়ামী লীগ সরকারও ধর্ষক অপরাধীদের ক্ষমা করছে।
“বরং তাদের নিপীড়ন এমন পর্যায়ে গেছে যে, তাদের বিরুদ্ধে যাতে কোনো আন্দোলন গড়ে তোলা না যায় সেজন্য নানা আয়োজন সমাজে জাল বিস্তার করে আছে।”
সরকার বিভিন্ন সময়ে ধর্ষণে জড়িতদের পালিয়ে যেতে সহায়তা করেছে বলেও অভিযোগ করেন সীমা দত্ত।
“বরগুনায় শিক্ষিকা ধর্ষণের আলামত গোপন করা হয়, আবার ধর্ষকদের পালিয়ে যেতে সুযোগ করে দিচ্ছে সরকার। এর ফলে মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়েছে। এর প্রতিবাদ করতে গেলে নানা ধরনের আক্রমণেরও শিকার হতে হচ্ছে।”
নারী ও শিশু ‘ধর্ষণ-নির্যাতন’ প্রতিরোধে ‘ঐক্যবদ্ধ আন্দোলন’ গড়ে তোলার আহ্বান জানান নারী মুক্তি কেন্দ্র সভাপতি।
অন্যদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আফসানা লুনা, ঢাকা নগর কমিটির দপ্তর সম্পাদক ইভা মজুমদার ও সদস্য সুষ্মিতা রায় সমাবেশে বক্তব্য দেন।
সমাবেশ শেষে শাহবাগ থেকে একটি মিছিল বের হয়ে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার শাহবাগে এসে শেষ হয়।
