সরকার একজন হলে রামপাল বাতিলে পায়ে ধরতাম: মকসুদ
কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সরকার শুধু একজন মানুষ হলে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের জন্য প্রয়োজনে পায়ে ধরতেন তিনি।
রোববার ঢাকা রিপোর্টারস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকার তো কেবল একজন মানুষ নন, এটি একটি কালেকটিভ বডি। একজন মানুষ হলে তার পায়ে ধরতাম প্রকল্প বাতিল করার জন্য। রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলে আমরা এত আন্দোলন করলাম, এত প্রতিবাদ করলাম তাও সরকারের টনক নড়ল না।"
এই প্রকল্প বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আবুল মকসুদ।
তিনি বলেন, “রামপাল প্রকল্প আমাদের জন্য কতটা ক্ষতিকর তা এখন সরকার বুঝতে পারছে না। এর ক্ষতিকর প্রভাবের জন্য ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কখনও ক্ষমা করবে না।”
সমাজকর্মী খুশি কবির বলেন, “আমরা আমাদের সম্পত্তিকে ধ্বংস করে দিতে পারি না। আমরা কিন্তু উন্নয়নের বিরুদ্ধে না কখনোই। আমরা চাই টেকসই উন্নয়ন হোক। সরকারকে জনগণকে সাথে নিয়েই কাজ করতে হবে।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল। সুন্দরবনের পাশে শিল্পকারখানা স্থাপনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে কয়েকটি দাবি জানান তিনি।
এগুলো হলো, সুন্দরবনের ভিতরে বা পাশে নির্মাণাধীন, পরিকল্পিত, অনুমোদনপ্রাপ্ত সব প্রকল্প অপসারণ ও বাতিল করা, সুন্দরবন বিষয়ে পোল্যান্ডে অনুষ্ঠিত ইউনেস্কো কমিটির গৃহীত প্রস্তাব হুবহু বাস্তবায়ন করা, রামপাল প্রকল্প নিয়ে ইউনেস্কোর নেতৃত্বে একটি আন্তর্জাতিক বিজ্ঞানভিত্তিক পরিবেশগত সমীক্ষা পরিচালনা।
