‘অপসাংবাদিকতার’ বিরুদ্ধে ঢাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে ‘অপসাংবাদিকতা’ হয়েছে দাবি করে তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই এ্যাসোসিয়েশন এই মানববন্ধনের আয়োজন করে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এতে অংশ নেন।
এই বিভাগের শিক্ষক আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দুই মেয়াদ পার করেছেন। নতুন উপাচার্য নিয়োগে গঠিত তিন সদস্যের প্যানেলেও তার নাম রয়েছে।
আরেফিন সিদ্দিক উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে গত কয়েক বছরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়। দলীয় রাজনীতি ও উপাচার্যের পছন্দের ব্যক্তিকে শিক্ষক নিয়োগ দিতে যোগ্যতা শিথিল এবং নিয়োগ বিজ্ঞপ্তির অতিরিক্ত শিক্ষক নিয়োগের তথ্য উঠে আসে এতে।
নিয়োগপ্রাপ্তরা নিজেদের যোগ্যতায় শিক্ষক হয়েছেন দাবি করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নিয়ম অনুযায়ী এককভাবে কেউ কিছু করতে পারে না।
“যারা প্রতিবেদনগুলোতে বক্তব্য দিয়েছেন, তারাও তো নিয়োগ বোর্ডগুলোতে ছিলেন, তারা কোন প্রতিবাদ করেছিলেন? আমার মতে করেনি।”
শিক্ষক নিয়োগে অনিয়মের ওই প্রতিবেদনকে ‘বিশ্ববিদ্যালয়কে নিয়ে ষড়যন্ত্র’ দাবি করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল।
তিনি বলেন, “আপনারা জানেন, বিএনপি-জামায়েত দূর থেকে, কখন আবার কাছ থেকে ষড়যন্ত্র করছেন। এ ব্যাপারে সবাইকে সর্তক করতে চাই।”
“এখন প্রশ্ন হচ্ছে আমরা তিনজনকে মনোনয়ন দিয়েছি, তারা কীভাবে জানল যে, আরেফিন সিদ্দিক ফের উপাচার্য হবেন? এটা সরকারের বিষয়, তিনজনের প্যানেল থেকে যে কাউকে নিয়োগ দিতে পারে।”
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ বলেন, “মিথ্যাচারের ওপর ভিত্তি করে খণ্ডিত তথ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে, রুচিহীনভাবে গণমাধ্যমে সংবাদ উপস্থাপনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। মিথ্যা সাংবাদিকতার মধ্য দিয়ে বাংলাদেশকে অন্যভাবে নির্মাণ করার যে অপচেষ্টা চলছে তা সম্ভব নয়।”
আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের সাবেক আহ্বায়ক নাজমা শাহীন বলেন, “এই বিশ্ববিদ্যালয়ে সুনাম আমরা ক্ষুণ্ন হতে দেব না, যেভাবে হোক এই ষড়যন্ত্র রখে দেব।”
বিভাগের অধ্যাপক নাদির জুনাইদ, সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিতা রেজওয়ানা রহমান, সংস্কৃত বিভাগের অধ্যাপক অসীম কুমার সরকার, ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীনসহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এতে বক্তব্য দেন।
