ইসিতে প্রেষণে যুগ্ম সচিব নিয়োগে ক্ষোভ
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেষণে নির্বাচন কমিশনে যুগ্মসচিব নিয়োগ দেওয়ায় সাংবিধানিক এই সংস্থার স্বাধীনতা খর্ব করা হয়েছে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছেন নির্বাচন কর্মকর্তারা।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শতাধিক কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ পরে এই নিয়োগের প্রতিবাদ জানান।
মঙ্গলবার এক আদেশে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসএসডি) হিসেবে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. কামরুল হাসানকে প্রেষণে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব নিয়োগ দেয় সরকার।
পরদিন ‘ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন' এর প্রতিবাদ করে মাঠ পর্যায়ে সব নির্বাচন অফিসে ও ইসি সচিবালয়ে এক ঘণ্টার কর্মবিরতি-কালো ব্যাজ ধারণের কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনের সভাপতি খন্দকার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই নিয়োগ স্বাধীন নির্বাচন কমিশন আইনের লঙ্ঘন। এর মাধ্যমে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব করা হচ্ছে।
তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ‘যৌক্তিক’ দাবি বিবেচনায় নিয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
তিনি বলেন, “ইসির পক্ষ থেকে অতিরিক্ত সচিব আমাদের জানিয়েছেন, জনপ্রশাসনের প্রেষণে নিয়োগ পাওয়া কর্মকর্তা যোগ দেবে না। ইসি কর্মকর্তাই থাকবে এখানে।”
এছাড়া যোগ্যদের যথাযথভাবে পদোন্নতি দেওয়ার দাবি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।
