২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্দিকুরের চাকরির দায়িত্ব নেবে সরকার

পুলিশের টিয়ারশেলে দুই চোখে আঘাতপ্রাপ্ত তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান দৃষ্টিশক্তি ফিরে না পেলেও সরকার তার চাকরির ব্যবস্থা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 07:18 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘চিকুনগুনিয়া ২০১৭: ঢাকা অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সিদ্দিকুরের চোখে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তার ইচ্ছা অনুযায়ী অপারেশনের ব্যবস্থাও নেওয়া হবে।”

“সিদ্দিকুর দৃষ্টিশক্তি ফিরে না পেলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তার চাকরির ব্যবস্থা নেবে সরকার।”

বর্তমানে ভারতের চেন্নাইয়ে শঙ্কর নেত্রালয়ে সিদ্দিকুরের চিকিৎসা চলছে। 

পরীক্ষার সময়সূচির দাবিতে গত ২০ জুলাই শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের সময় লাটিপেটা ও কাঁদুনে গ্যাস ছোড়ে পুলিশ। তখন সিদ্দিকুরের চোখে টিয়ার শেলের আঘাত লাগে।

আহত সিদ্দিকুরের চোখে প্রথম অস্ত্রোপচার হয় ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা প্রথমে জানিয়েছিলেন, তার দুই চোখে আর আলো ফিরবে না।

পরে অবশ্য চিকিৎসকরা জানান, তার একটি চোখ পুরোপুরি নষ্ট হলেও অন্য চোখে কিছুটা দেখতে পান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্দিকুরের চিকিৎসার খরচসহ সার্বিক দায়িত্ব নেয় সরকার। গত বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় তাকে নেওয়া হয় চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে।

সিদ্দিকুরের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে সব ধরনের চিকিৎসা নিশ্চিত করতে শঙ্কর নেত্রালয়ের চিকিৎসকদের কাছে অনুরোধ করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

পুরনো খবর:

দেশে ফিরে প্রধানমন্ত্রীকে দেখতে চান সিদ্দিকুর