ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অবস্থানে লাঞ্ছিত শিক্ষক, বিক্ষোভে শিক্ষার্থীরা
লাঞ্ছনার প্রতিকার না পাওয়া পর্যন্ত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক ফারহান উদ্দিন আহমেদ; তার পক্ষে শিক্ষার্থীরাও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে রেজিস্ট্রার মুহাম্মদ শাহুল আফজালের বিরুদ্ধে শিক্ষক ফারহানের অভিযোগ অনুসন্ধানে একটি কমিটি করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।
রেজিস্ট্রার শাহুলসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন আইন বিভাগের শিক্ষক ফারহান।
চুক্তিভিত্তিক শিক্ষক ফারহান রোববার রেজিস্ট্রার শাহুলসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলার পর থেকে রাজধানীর মহাখালীতে বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাসে উত্তেজনা চলছে।
শিক্ষকের লাঞ্ছনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার সকালে ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভরত শিক্ষার্থী জানান, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব সোমবার দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন জানালে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে মূল ক্যাম্পাসের অডিটরিয়ামে জড়ো হতে থাকেন। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক ফারহান উদ্দিন আহমেদও।
শিক্ষার্থীরা একযোগে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর তারা ক্যাম্পাস সংলগ্ন মহাখালী-গুলশান সড়কের একাংশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
শিক্ষক ফারহান বলেন, “আমার বিরুদ্ধে যে অনিয়ম হয়েছে, তার প্রতিকার না পাওয়া পর্যন্ত আমি ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে থাকব।”
এসময় সম্মিলিত শিক্ষার্থীরা জানায়, তারাও শিক্ষকের পাশে থাকবে। প্রতিকার না পেলে তারা ক্লাসে ফিরে যাবে না।
বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এক বার্তায় বলেন, “সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এখানে উল্লেখ করতে হয়, উপাচার্য শিক্ষার্থীরে সঙ্গে দেখা করে তাদের মতামত জানতে চেয়েছিলেন। পরিতাপের বিষয়, তারা তা অগ্রাহ্য করেছে। উপাচার্য শান্তিপূর্ণ অবসান চান।”
বিকালে উপাচার্য ক্যাম্পাস ছাড়ার সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে ক্যাম্পাসে ফেরত যান।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকাল থেকে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে বারবার অভিযুক্ত রেজিস্ট্রারের সঙ্গে দেখা করার দাবি উঠলেও তিনি তা মানতে চাননি। সংবাদকর্মীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলতে গেলে নিরাপত্তাকর্মীরা ফটকে তাদের বাধা দেন।
শিক্ষক ফারহান জানান, রোববার রাতে তিনি বনানী থানায় রেজিস্ট্রার শাহুল আফজাল, সহকারী রেজিস্ট্রার মাহি উদ্দিন ও সহশিক্ষা কার্যক্রমের সিনিয়র অফিসার জাভেদ রাসেলের বিরুদ্ধে মামলা করেছেন।
চুক্তিভিত্তিক নিয়োগে বিশ্ববিদ্যালয়টিতে ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ফারহান।
ফেইসবুকে ঘটনার বিবরণ দিয়ে ফারহান লিখেছেন, “আমি রোববার দুপুরে রেজিস্ট্রার অফিসের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ বিভাগে গেলে সেখানে আমাকে চাকরিচ্যুতির নোটিস ধরিয়ে দেওয়া হয়। কিন্তু তা নিতে অস্বীকৃতি জানাই। তখন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মাহির উদ্দিন ও সহশিক্ষা কার্যক্রমের সিনিয়র অফিসার জাভেদ রাসেল ও মানবসম্পদ বিভাগের এক কর্মকর্তা আমাকে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ফেরত দিতে বলেন।
“আমি তা মানতে রাজি না হলে রেজিস্ট্রার মুহাম্মদ শাহুল আফজাল এসে তাদের সঙ্গে যোগ দিয়ে আইডি কার্ড ছিনিয়ে নেয়। এসময় তারা আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন। নিরাপত্তা রক্ষীরাও দরজা বন্ধ করে যোগ দিয়ে মারধর করতে থাকেন। পরে ছাত্ররা টের পায়। আমি বের হয়ে আসতে পারি।”
ফারহান লিখেছেন, এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে‘অফিসিয়ালি’একটি নালিশ জানিয়েছিলেন তিনি। অভিযোগ নিষ্পত্তিকরণ কমিটি তার অভিযোগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে তিনি চাকরিচ্যুতির আদেশ মানবেন না।
তার চুক্তির মেয়াদ ৩০ অগাস্ট পর্যন্ত বলে ফারহান জানান।
ফারহানের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া সাংবাদিকদের পক্ষে পাওয়া সম্ভবপর হয়নি। বিশ্ববিদ্যালয়টির নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের ভেতরে ঢুকতে দিচ্ছে না।
