বড্ডায় শিশু ধর্ষণ: শিপন ছয়দিনের রিমান্ডে
রাজধানীর বাড্ডায় এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার শিপনকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিন হেফাজতে পেয়েছে গোয়েন্দা পুলিশ।
সোমবার শিপনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শওকত হোসেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হরলাল মল্লিক জানান।
এর আগে গ্রেপ্তার শিপনকে একমাত্র আসামি করে বাড্ডা থানায় মামলা করেন নিহত শিশুটির বাবা।
শিপন বাড্ডার আদর্শনগর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। তার বাবার নাম শামসুল হক। বাড়ী ভোলার লালমোহন থানার ভাঙ্গাপুল এলাকায়।
সোমবার সকালে বাড্ডা থানার এএসআই কাউসার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডট্কম বলেন, রোববার রাতে বাড্ডার আদর্শনগর এলাকার একটি টিনশেড ঘরের পাশে টয়লেট থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“ঘটনাস্থলের পাশেই একটি ঘরে বাবা-মায়ের সঙ্গে শিশুটি থাকত। তাকে ডেকে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।”
পরে দুপুরে মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের যুগ্ম কমিশনার আবদুল বাতেন জানান, শিশুটিকে ধর্ষণের সময় গলাটিপে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে শিপন।
