রামপুরায় গৃহবধূর আত্মহত্যা
রাজধানীর রামপুরায় দাম্পত্য কলহের জের ধরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
নিহত মুক্তা বেগম (২৬) দুই ছেলে-মেয়ে নিয়ে স্বামীর সঙ্গে রামপুরার ওয়াপদা রোড এলাকায় থাকতেন।
বিষপানে তার মৃত্যু হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
মুক্তার স্বামী মো. সেলিম শেখ সিএনজিচালিত অটোরিকশা চালান। তার গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার কুচুরিয়া গ্রামে।
সেলিম জানান, “সন্ধ্যার পর রান্না নিয়ে তার সাথে ঝগড়া হয়, পরে আমি নিজেই রান্না করার জন্য রান্না ঘরে যাই। একটু পরে ঘরে এসে দেখি ছটফট করছে। জানতে পারি সে কীটনাশক পান করেছে, এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।”
