জন্মদিনে আল মাহমুদকে শুভেচ্ছা
জন্মবার্ষিকীতে ভক্ত-সুহৃদদের শুভেচ্ছায় সিক্ত হলেন কবি আল মাহমুদ।
মঙ্গলবার দুপুরে তার মগবাজারের বাসায় অনুজদের শুভেচ্ছায় আপ্লুত কবি বলেন, “কবির কাজ হলো মানুষকে স্বপ্ন দেখানো এবং মানুষকে সত্য ও সুন্দরের পথে আসার আহ্বান জানানো। সারা জীবন মানুষকে আমি স্বপ্ন দেখিয়েছি, ভালোবাসার কথা বলেছি। সত্য ও সুন্দরের পথে নিজে চলেছি, মানুষকেও চলতে বলেছি।
“আমি কবি হতে চেয়েছিলাম, আর কিছু হতে চাইনি। মানুষ আমাকে কবি হিসেবে জানে। আমার আর কোনো অতৃপ্তি নেই।”
১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন আল মাহমুদ। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি।
আল মাহমুদের ৮২তম জন্মদিনের ঘরোয়া আয়োজনে কবি, সাহিত্যিক ও ভক্ত-সুহৃদদের শুভেচ্ছা পর্ব ছাড়াও ছিল আলোচনা, কবিতা পাঠ আর কেক কাটা। দিনভর ভক্ত ও অনুরাগীদের পদচারণে মুখর কবির বাসভবন। আল মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে সকালে আয়োজন করা হয় এ ঘরোয়া অনুষ্ঠানের।
আগতদের মধ্যে কবি আসাদ চৌধুরী, বিচারপতি আবদুর রউফ, কবি ছাড়াকার সালেহ চৌধুরী, কবি জাকির আবু জাফর ছিলেন।
কবি আল মাহমুদ
সংক্ষিপ্ত আলোচনায় কবি আসাদ চৌধুরী বলেন, “ভাঙা সুটকেস বগলদাবা করে ঢাকা শহরে এসেছিলেন তরুণ আল মাহমুদ। সেই সুটকেস যেন জাদুবাক্স। কবি সেই সুটকেস খুলে একের পর এক দেখান বাংলাদেশের নদনদী, খালবিল, পাহাড়-অরণ্য, খড়ের গম্বুজ, নারী-নিসর্গ, মক্তবের চুলখোলা আয়েশা আক্তার ইত্যাদি প্রকৃতি ও জীবন নিয়ে লেখা সব কবিতা। আসলে সেই সুটকেসে ভরা ছিল তার অনেক কবিতা।”
আল মাহমুদ ফাউন্ডেশনের সভাপতি সাঈদ চৌধুরী বলেন, “আল মাহমুদ দেশ ও জাতির পরম সম্পদ। বয়সে প্রবীণ এ কবি প্রায় অসুস্থ থাকেন, কিন্তু সরকার তার চিকিৎসার কোনো উদ্যোগ নেয়নি। আমরা আশা করি, কবির সব চিকিৎসার দায়িত্ব নেবেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
তিনি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল মাহমুদকে চাকরি দিয়েছিলেন। এজন্য গোটা পরিবার বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞ। আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সহমর্মিতার হাত বাড়াবেন।”
আল-মাহমুদের কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে, ‘লোক লোকান্তর’, ‘কালের কলস’, ‘সোনালী কাবিন’, ‘মায়াবী পর্দা দুলে ওঠো’, ‘আরব্য রজনীর রাজহাঁস’, ‘বখতিয়ারের ঘোড়া’, ‘অদৃশ্যবাদীদের রান্নাবান্না’ ইত্যাদি। গল্পও লিখেছেন তিনি।
