কয়লাখনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠন ফের পিছিয়েছে
বড় পুকুরিয়া খনি দুনীর্তি মামলায় কয়েক আসামির বিচার স্থগিতাদেশ বাতিল করে দেওয়া হাই কোর্টের আদেশের সত্যায়িত কপি জমা না পড়ায় পিছিয়েছে গেছে অভিযোগ গঠন।
সোমবার ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম আসামিদের সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৯ সেপ্টেম্বর হাই কোর্টের আদেশের সত্যায়িত কপি দাখিল ও অভিযোগ গঠনের দিন ঠিক করেন।
আদালতের পেশকার আশিক দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, এম কে আনোয়ার, শামসুল ইসলাম, ব্যারিস্টার আমিনুল হকের পক্ষে হাই কোর্টের আদেশ দাখিলে সময় চাইলে বিচারক তা মঞ্জুর করেন।
আলতাফ হোসেন চৌধুরীর আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান, সবার স্থগিতাদেশ তুলে নেয়া হলেও তার মক্কেলসহ কয়েকজনের বিষয়ে স্থগিতাদেশ এখনো হাইকোর্টে বাতিল হয়নি।
এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অধিকাংশ আসামির বিচার শুরু করতে হাই কোর্ট নির্দেশ দিলেও আসামিপক্ষ উচ্চ আদালতের আদেশের কপি দাখিল করতে দফায় দফায় সময় নেওয়ায় গত একবছরেও শুরু করা যায়নি বিচার।
খালেদা জিয়া ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পাওয়ায় সোমবার তার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া হাজিরা দেন।
বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা হয়। ওই বছর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় দুদক।
চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি করার অভিযোগ আনা হয় অভিযোগপত্রে।
খালেদা মামলাটি বাতিলের আবেদন করলে ২০০৮ সালের ১৬ অক্টোবর হাই কোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে। মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও দেওয়া হয়। হাই কোর্টের ওই আদেশ আপিল বিভাগেও বহাল থাকায় আটকে যায় বিচার।
দীর্ঘ সাত বছর পর সেই রুলের শুনানি করে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর তা খারিজ করে দেয় বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ। ওই রায়ে স্থগিতাদেশ তুলে নেওয়া হলে এ মামলা বিচারের বাধা কাটে।
ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ২০১৬ সালের ২৫ মে প্রকাশিত হলে খালেদা জিয়া ওই বছর ২৬ জুন লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন।
তার যুক্তি ছিল, দুর্নীতি দমন কমিশনের আনা অভিযোগের মধ্যে দুদক আইনের ৫ (২) ধারার কোনো উপাদান নেই। যে অভিযোগ আনা হয়েছে সেটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আইনগতভাবে এ মামলা চলে না।
কিন্তু তার ওই যুক্তি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে টেকেনি।
