বনানী ধর্ষণ: অভিযোগ গঠন পেছালো
বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার দুই বন্ধুসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে।
আসামিপক্ষের সময়ের আবদনে রোববার ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সফিউল আজম অভিযোগ গঠনের শুনানির জন্য ১৩ জুলাই নতুন তারিখ ঠিক করে দিয়েছেন।
একই আদালত এর আগে গত ১৯ জুন আলোচিত এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছিল।
এ মামলার আসামিরা হলেন- আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ই-মেকার্স’ এর কর্মকর্তা নাঈম আশরাফ, ঢাকার পিকাসো রেস্তারাঁর অন্যতম মালিক রেগনাম গ্রুপের এমডি মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ এবং সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।
অভিযোগ গঠনের শুনানির জন্য আসামিদের সবাইকে এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
তাদের পক্ষে শুনানি করেন আওয়ামী আইনজীবী পরিষদের নেতা আব্দুর রহমান হাওলাদার, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী মোহাম্মদ নজিবুল্লা হিরু, মাহবুব আহমেদ ও খায়রুল ইসলাম লিটন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ আদালতের বিশেষ কৌঁসুলি আলী আকবর।
শুনানিতে আসামি নাঈম আশরাফের পক্ষে তার আইনজীবী সময়ের আবেদন করেন এবং অন্য আসামিদের আইনজীবীরা তাতে সমর্থন দেন।
আরেক আসামি সাদমান সাকিফ ১৬৪ ধারার হাকিম আদালতে তার দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন।
সাদমানের ভাষ্য, নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে ওই জবানবন্দি গ্রহণ করা হয়েছে। তার বক্তব্য শুনে বিচারক বিষয়টি নথিভুক্ত রাখেন।
সময়ের আবেদনের শুনানিতে বিচারক বার বার বলেন, তিনি দেরি করতে চান না। অভিযোগ গঠন হয়ে গেলে আসামিপক্ষই সুবিধা পাবে, কেননা তাতে বিচার তরান্বিত হবে। তাছাড়া এ মামলার বিচারে কী হল- তা দেশের মানুষ জানতে চায়।
তবে আসামিপক্ষের পিড়াপিড়িতে শেষ পর্যন্ত সময়ের আবেদন মঞ্জুর করে বিচারক নতুন তারিখ ঠিক করে দেন।
সাফাত আহমেদ, নাঈম আশরাফ
সাদমান সাকিফ, রহমত আলী ও বিল্লাল হোসেন
মামলা হওয়ার পর দেশজুড়ে আলোচনার মধ্যে অভিযোগ আসে পুলিশের বিরুদ্ধেও। বাদী অভিযোগ করেন, বনানী থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করেই দুই দিন পার করে দেয়। এর বাইরেও তাদের হয়রানি করা হয়।
গত ৬ মে বনানী থানায় ধর্ষণের ওই অভিযোগ দায়েরের পর ৮ জুন ঢাকার হাকিম আদালতে অভিযোগপত্র দেন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমি। সেখানে বাদীপক্ষে মোট ৪৭ জনকে সাক্ষী করেন তিনি।
অভিযোগপত্রে বলা হয়, সাফাত ও নাঈম ধর্ষণে সরাসরি অংশ নেন এবং বাকি তিনজন তাদের সহযোগিতা করেন।
ঘটনার এক মাসের বেশি সময় পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত না পাওয়ার কথা জানালেও গাড়িচালক বিল্লাল ছাড়া বাকি চার আসামিই নিজেদের দায় স্বীকার করে হাকিমের কাছে জবানবন্দি দেন।
থানায় মামলা হওয়ার পাঁচদিন পর গত ১১ মে সিলেট থেকে সাফাত ও সাদমানকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৫ মে সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমত ঢাকায় গ্রেপ্তার হন।
সবশেষে ১৭ মে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় নাঈম আশরাফকে, যিনি সেখানে এক আত্মীয়র বাড়িতে লুকিয়ে ছিলেন।
ধর্ষণের ঘটনায় আলোচনার কেন্দ্রস্থল রেইনট্রি হোটেল
সাংসদ হারুনের ছেলেদের মধ্যে এইচ এম আদনান হারুন আছেন ওই হোটেলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে। তবে দেখাশোনা করেন মূলত তার ভাই মাহির হারুন।
মাহিরের বন্ধু পরিচয় দিয়েই সাফাত ধর্ষণের ঘটনার দিন ওই হোটেলে উঠেছিলেন বলে হোটেলকর্মীরা পুলিশকে জানিয়েছেন।
অভিযোগকারী তরুণীদের একজন জানিয়েছিলেন, পীড়াপীড়িতে বাধ্য হয়ে তারা রেইনট্রি হোটেলে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন।
তাদের নিতে গাড়ি নিয়ে এসেছিলেন সাফাতের গাড়িচালক ও দেহরক্ষী। ধর্ষণের সময় দেহরক্ষী রহমতকে দিয়ে ভিডিও ধারণ করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন ওই তরুণী।
তার দাবি, সেদিন রেইনট্রি হোটেলে নাঈম ও সাফাত ধর্ষণের পাশাপাশি তাদের নির্যাতনও করেন। পা ধরে নিস্তার চাইলেও তারা ছাড়া পাননি।
পুরনো খবর
