রাজীব গান্ধীর ‘তথ্য যাচাইয়ে’ আটকে শোলাকিয়ার অভিযোগপত্র
কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতের আগে জঙ্গি হামলার এক বছর হয়ে গেলেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মোর্শেদ জামান বলছেন, হামলার ‘অন্যতম হোতা’ নব্য জেএমবির জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর জবানবন্দি অনুযায়ী অস্ত্রদাতা, অর্থদাতা ও হামলার নেপথ্যে যারা ছিল তাদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাইয়ের কাজেই অভিযোগপত্র দিতে বিলম্ব হচ্ছে।
গতবছর ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলায় ২২ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে সারা দেশে ব্যাপক নিরাপত্তার মধ্যেই সাত দিনের মাথায় আবার আঘাত হানে জঙ্গিরা।
রোজার ঈদের দিন ৭ জুলাই শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের আগে মানুষ যখন ঈদগাহের মাঠে সমবেত হচ্ছিলেন, তখনই আড়াইশ মিটার দূরে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ফটকের কাছে বসানো পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা হয়।
জঙ্গিদের ধারালো অস্ত্রের আঘাত ও বোমায় নিহত হন দুই পুলিশ সদস্য। প্রাথমিক ধাক্কা সামলে উঠে পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান শুরু করলে শুরু হয় গোলাগুলি। তাতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তা হয়ে পড়ে জনশূন্য। সন্দেহভাজন এক হামলাকারীও পুলিশের অভিযানে নিহত হয়।
কথা ছিল, বরাবরের মতোই মাওলানা ফরিদ উদ্দীন মাসঊদ ঈদের জামাত পরিচালনা করবেন। কিন্তু এই গোলযোগের মধ্যে তিনি না পৌঁছানোয় শেষ পর্যন্ত স্থানীয় জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা শোয়াইবের ইমামতিতে ঈদ জামাত হয়।
শোলাকিয়া মাঠের কাছে বোমা হামলা, পুলিশসহ নিহত ৪ |
হামলার পর পুলিশের সঙ্গে বিজিবি সদস্যরাও অভিযানে অংশ নেন
ঝর্না রানী, ছোট ছেলে ও স্বামী
>> ঈদের দিন সকাল পৌনে ৯টার দিকে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ফটকে জঙ্গিদের হামলায় নিহত হন দায়িত্বরত কনস্টেবল জহুরুল হক (৩০) ও আনছারুল হক (৩৫)।
>> সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির সময় নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক।
>> হামলার পর পুলিশের অভিযানের সময় গোলাগুলিতে নিহত হয় এক জঙ্গি। তার ঢোলা পোশাকে পাওয়া যায় চাপাতির মত অস্ত্র রাখার জন্য বিশেষ পকেট।
>> পরে জানা যায়, আবির রহমান নামের ওই তরুণ ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র। ওই ঘটনার আগে চার মাস ধরে নিখোঁজ ছিল সে।
>> ঘটনার পর অভিযান চালিয়ে দুটি পিস্তল, দুইটি চাপাতি, দুই রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ। পরদিন স্থানীয় একটি পুকুর থেকে দুটি চায়নিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করে র্যাব।
>> আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি ভবনের ছাদে বসানো সিসি ক্যামেরায় ধরা পড়া হামলার সময়ের একটি ভিডিও পরে প্রকাশ করে পুলিশ। সেখানে পায়জামা-পাঞ্জাবি পরা দুই তরুণকে পিস্তল, চাপাতি ও বোমা সদৃশ কিছু নিয়ে দৌড়াতে দেখা যায়।
হামলার দিন গ্রেপ্তার শরীফুল ইসলাম ওরফে শুফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম (২২) ও জাহিদুল হক ওরফে তানিমসহ (২৪) অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে ১০ জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামছুদ্দিন।
ওই দুই আসামির মধ্যে ১৯ বছর বয়সী শফিউল গত বছরের ৫ অগাস্ট পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। দিনাজপুরর জেলার ঘোড়াঘাটের ওই মাদ্রাসা ছাত্রকে শোলাকিয়া হামলার দিন গ্রেপ্তার করা হয়েছিল পিস্তলসহ। তদন্তকারীদের তিনি বলেছিলেন, ‘ওস্তাদের নির্দেশে অ্যাসাইনমেন্ট নিয়ে’ তিনি কিশোরগঞ্জে আসেন।
গুলশান হামলার পরিকল্পনাকারী হিসেবে পুলিশ যাদের চিহ্নিত করেছিল, তাদের মধ্যে জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধীকে চলতি বছর ২৬ ফেব্রুয়ারি টাঙ্গাইল থেকে গ্রেপ্তারের পর শোলাকিয়ার মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর গত ২ জুন তিনি কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইকবাল মাহমুদের কাছে জবানবন্দি দেন।
সেই জবানবন্দির বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা মুর্শেদ জামান বলেন, “ঈদের দিন শোলাকিয়ায় হামলার উদ্দেশ্য ছিল মওলানা মাসঊদকে হত্যা করা। কিন্তু স্কুলের পাশে তল্লাশি চৌকিতে বাধার মুখে জঙ্গিরা পুলিশের ওপর হামলা চালায়।”
পুলিশের ভাষ্য, উত্তরাঞ্চলে সব কটি জঙ্গি হামলায় নেতৃত্ব দাতা এই জাহাঙ্গীর আলম, যিনি রাজীব গান্ধী ছাড়াও সুভাস, শান্ত, টাইগার, আদিল, জাহিদ নাম নিয়ে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছিলেন।
এছাড়া শোলাকিয়ায় যে বাড়িতে জঙ্গিরা হামলার আগে আশ্রয় পেয়েছিল, সেই বাড়ির মালিক আনোয়ার হোসেনও এ মামলায় গ্রেপ্তার হয়ে কিশোরগঞ্জ কারাগারে আছেন।
জঙ্গি নেতা রাজীব গান্ধী জিজ্ঞাসাবাদে অনেক তথ্য দিয়েছেন, দাবি পুলিশের
নিহত জঙ্গি আবির রহমানের কাছেই পড়ে ছিল চাপাতি
“অস্ত্রদাতা, অর্থদাতা ও হামলার নেপথ্যে আরও যারা ছিল তাদের নাম প্রকাশ করেছে সে। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পাশাপাশি রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি, ঢাকায় চেজারে তাভেল্লা হত্যাসহ আরও কয়েকটি জঙ্গি হামলায় সম্পৃক্ততা নিয়ে সে কথা বলেছে।”
শোলাকিয়া হামলা ও হলি আর্টিজানে হামলার পরিকল্পনা ‘একই সঙ্গে হয়’ জানিয়ে পরিদর্শক মোর্শেদ বলেন, “এসব বিষয় মিলিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে দেরি হচ্ছে। ফলে অভিযোগপত্র দিতেও দেরি হচ্ছে।”
তিনি বলেন, “রাজীবের জবানবন্দি অনুযায়ী মামলার অন্য আসামিদের শনাক্ত করার কাজটি জটিল। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।… হামলায় অংশগ্রহণকারী ও নেপথ্যের সহকারীদের বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে।”
এসব প্রক্রিয়া শেষ করে অভিযোগপত্র দিতে আরও সময় লাগলেও এর মধ্যে তদন্তের ‘অনেক অগ্রগতি হয়েছে’ বলে তদন্ত কর্মকর্তার ভাষ্য।
