২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কান্না থামেনি শোলাকিয়ার ঝর্নার পরিবারে  

কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের কাছে জঙ্গি হামলার মধ্যে গুলিতে নিহত গৃহবধূ ঝর্না রানী ভৌমিকের পরিবারের কান্না থমেনি এক বছরেও।

মারুফ আহমেদ

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 09:07 AM

Updated : 11 Oct 2022, 02:15 PM

সংসারের প্রিয় মানুষকে হারানোর কষ্ট ভুলতে পারছেন না স্বজনরা।

গত বছর ৭ জুলাই ঈদুল ফিতরের জামাতের সময় চর শোলাকিয়া সবুজবাগ মোড়ে মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের সামনে জঙ্গি হামলার ঘটনা ঘটে।

কথা ছিল, বরাবরের মতো মাওলানা ফরিদ উদ্দীন মাসঊদ ঈদের জামাত পরিচালনা করবেন।

হঠাৎ শোলাকিয়া মাঠের আড়াইশ মিটারের মধ্যে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ফটকের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের উপর বোমা হামলা হয়।

পরে গোলাগুলিতে দুই কনস্টেবলসহ চারজন নিহত হন; যাদের মধ্যে ঝর্না রানীও রয়েছেন।   

ওই সময় পুলিশের গুলিতে এক জঙ্গিও নিহত হয়। গুরুতর আহত হয় আট পুলিশসহ স্থানীয় আরও কয়েকজন।

সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির সঙ্গে কথা হয় ঝর্নার স্বজনদের।

ঝর্নাকে হারিয়ে বিপর্যস্ত পরিবারটির সদস্যরা বলেছেন সেদিনের দুঃসহ স্মৃতি ভুলতে না পারার কাহিনী; চলে যাওয়া মানুষটির স্মৃতি আগলে বেঁচে থাকার গল্প।  

ঝর্নার স্বামী গৌরাঙ্গ নাথ ভৌমিক বলেন, “এই শোক এখনও আমরা কাটিয়ে উঠতে পারিনি। ঘটনার পর অনেকেই অনেক ধরনের সহায়তার কথা বলেছেন। বাস্তবে কিছুই পাইনি।”

তাই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের দুঃখ-বেদনার কথা জানানোর ইচ্ছার কথা জানান গৌরাঙ্গ। সেইসঙ্গে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

Image
ঝর্না রানী, ছোট ছেলে ও স্বামী

ঝর্না রানী, ছোট ছেলে ও স্বামী

ঝর্নার বড় ছেলে বাসুদেব ভৌমিক বলেন, “মায়ের মৃত্যুতে পরিবারটি লণ্ডভণ্ড হয়ে গেছে। বাবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন। ছোট ভাইটিও মায়ের শোকে লেখা-পড়াতে মন বসাতে পারছে না।”

মায়ের কথা জিজ্ঞেস করতে চোখের কোণে জল আসে ঝর্নার ছোট ছেলে শুভ দেব ভৌমিকের।

সপ্তম শ্রেণির ছাত্র শুভ কান্না জড়ানো কণ্ঠে বলেন, “মা আমাকে কত আদর করত। নিজের হাতে খাওয়াত,  ঘুম পাড়াত, পড়াশুনা করত। মাকে আমি আর পাব না। আমার কোনো কিছু ভালো লাগে না।”

শুধু ঝর্নার পরিবার নয় সেদিনের ঘটনা তাড়া করে প্রত্যক্ষদর্শী এলাকাবাসীদেরও।

সবুজবাগের বাসিন্দা নীরেন্দ্র চন্দ্র দাশ ও দলিল লেখক হাবীবুর রহমান বলেন, এখনও সেদিনের কথা মনে হলে তারা আঁতকে ওঠেন। এখনও অজানা আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা। বিশেষ করে শিশুদের মন থেকে এই ঘটনার স্মৃতি দূর হচ্ছে না কিছুতেই।

এদিকে ঘটনার এক বছর পেরোলেও পুলিশ এখনও অভিযোগপত্র দিতে পারেনি।

মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোর্শেদ জামান বলেন, “এখনও তদন্ত শেষ হয়নি; তাই অভিযোগপত্র দিতে আরও সময় লাগবে। তবে তদন্তে অনেক অগ্রগতি রয়েছে।”

হামলার তিনদিন পর ১০ জুলাই কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পরে পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামছুদ্দিন বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা করেন।

হামলার দিন ঘটনাস্থল থেকে আটক হন শরীফুল ইসলাম ওরফে শুফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম ও জাহিদুল হক ওরফে তানিম নামে দুই তরুণ। তাদের মধ্যে শফিউল গত বছরের ৫ অগাস্ট পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

এছাড়া গুলশান হামলার অন্যতম সন্দেহভাজন জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী এবং শোলাকিয়ায় জঙ্গিদের আশ্রয়দাতা আনোয়ার হোসেনও এ মামলায় গ্রেপ্তার আছেন।