তাভেল্লা হত্যার অভিযোগ গঠন বাতিলে আবেদন খারিজ হাই কোর্টে
ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যা মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে বিএনপি নেতা এম এ কাইয়ূমের ভাই এম এ মতিনের আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।
পরে গাজী মো. মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, চেজারে তাভেল্লা হত্যা মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে আবেদন করেছিল। রাষ্ট্রপক্ষ এ আবেদনের বিরুদ্ধে জোড়ালো আপত্তি জানালে আদালত তা খারিজ করে দিয়েছে। ফলে মামলার কার্যক্রম চলতে কোনো বাঁধা নেই।
২০১৫ সালের প্রথম দিক থেকে শুরু উগ্রবাদীদের টার্গেট কিলিংয়ের বিভিন্ন ঘটনার মধ্যে ২৮ সেপ্টেম্বর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক চেজারে তাভেল্লা (৫০)।
নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডি কো-অপারেশনের ‘প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটির প্রকল্প ব্যবস্থাপক হিসাবে এদেশ কর্মরত ছিলেন তিনি।
এ ঘটনার পরদিন রাতে আইসিসিও বিডির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হেলেন সাফ ভ্যান ডাক বিক বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
বর্তমানে বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকা এ মামলায় ২০১৬ সালের ২৮ জুন গোয়েন্দা পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
পরে ২৫ অক্টোবর বিএনপি নেতা এম এ কাইয়ুম ও তার ভাই এম এ মতিনসহ ওই সাতজনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়।
অভিযোগ গঠন বাতিল চেয়ে হাই কোর্টে রিভিশন আবেদন করেছিলেন এম এ মতিন। যেটি মঙ্গলবার খারিজ হয়ে যায়।
