২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাভেল্লা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

অভিযোগ গঠনের এক মাস পর ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 08:32 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে বৃহস্পতিবার অন্যতম সাক্ষী বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বাসভবনের দারোয়ান আজিজুল ইসলামের জবানবন্দি নেওয়ার মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিষয়ে বলেন, “অভিযোগপত্রে যদিও আজিজুল ৪ নম্বর সাক্ষী, কিন্তু মামলার প্রথম সাক্ষী হিসেবে তার সাক্ষ্য নেওয়া হচ্ছে।”

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে তাভেল্লাকে হত্যার আলোচিত এ ঘটনায় চলতি ব্ছরের ২৫ অক্টোবর ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

এর আগে গত ২৭ জুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিবি) গোলাম রাব্বানী হাকিম আদালতে ওই সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

অভিযোগে বিএনপি নেতা মতিন ছাড়া যাদের নাম রয়েছে তারা হলেন- কাইয়ুমের ভাই আব্দুল মতিন, তামজিদ আহম্মেদ রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাকতি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল ও সাখাওয়াত হোসেন ওরফে শরীফ।

এদর মধ‌্যে ভাগ্নে রাসেল, চাকতি রাসেল, শরীফ ও রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল।

গত বছর লেখক, প্রকাশক ও অনলাইন অ্যাক্টিভিস্টদের উপর জঙ্গি হামলার পর তাভেল্লাকে হত্যার ওই ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন তোলে।

কূটনৈতিক পাড়া গুলশানের যে স্থানে এই ইতালীয়কে গুলি করে হত্যা করা হয় তার কাছেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোয়ার্টার।

হত্যাকাণ্ডের দিন বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত গভর্নর কোয়ার্টারের দারোয়ান হিসেবে দায়িত্ব পালন করার কথা আজিজুল জবানবন্দিতে জানিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলী তাপস পাল।

সন্ধ্যা সোয়া ৬ টার দিকে সরকারি কোয়ার্টারের পশ্চিম দিকে দেওয়ালের বাইরে একটি শব্দ পান জানিয়ে জবানবন্দিতে আজিজুল বলেন, “পরে বুঝতে পারি এ শব্দটি পূর্ব দিক থেকে এসেছে। পূর্ব দিকে গিয়ে দেখি রাস্তায় একজন বিদেশি নাগরিক দৌড়ে আমার দিকে আসছে।

“আমাকে ক্রস করে পশ্চিম দিকে যাওয়ার সময় ইংরেজিতে যেন কি বলে। তখন পেছন ফিরে দেখি গুলশান ২ নম্বরের নব্বই নম্বর সড়কের মাথায় সে প্রথমে বসে পড়ে, তারপর শুয়ে পড়ে। এর মধ্যেই রাস্তা দিয়ে আসা অন্যান্য লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে যায়।”

আজিজুল আরও বলেন, “ওই লোকের পিঠে একটা ছিদ্র দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়ছিল। তথন উপস্থিত লোকজন বলাবলি করছিল- লোকটাকে কারা যেন গুলি করেছে।

“তখন আমি বুঝতে পারি ওই যে শব্দ শুনেছিলাম সেটা গুলির শব্দ এবং ওই গুলি তার গায়ে লেগেছে। এরপর কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে যায় এবং তখন জানা যায় তার নাম চেজারে তাভেল্লা।”

জবানবন্দির পর বৃহস্পতিবার আজিজুলকে আসামি পক্ষে আংশিক জেরা করেছেন আইনজীবী জসিম উদ্দিন।  

আদালত এ মামলায় আগামী ২৮ ও ২৯ নভেম্বর আবার সাক্ষ্য নেওয়ার দিন রেখেছে বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস পাল।

পুরনো খবর:

জজ আদালতে যাচ্ছে তাভেল্লা হত্যা মামলা
তাভেল্লা হত্যা মামলায় অভিযোগ গঠন ১৮ অক্টোবর
ফের পেছাল তাভেল্লা হত্যা মামলার অভিযোগ গঠন
তাভেল্লা হত্যার অভিযোগপত্রে কাইয়ুমসহ আসামি ৭