২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জজ আদালতে যাচ্ছে তাভেল্লা হত্যা মামলা

বিচারের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হচ্ছে ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যা মামলার নথিপত্র।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 11:23 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান মঙ্গলবার নথিপত্র মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠানোর আদেশ দেন বলে পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান।

এদিন পলাতক দুই আসামি বিএনপি নেতা এম এ কাইয়ুম ও সোহেল ওরফে ভাঙ্গারি সোহেলকে হাজির হতে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির অনুলিপি এবং তাদের সম্পদ জব্দের তালিকা আদালতে জমা দেওয়ার পর মামলাটি বিচারের জন্য সব প্রস্তুতি শেষ হয়।

এই মামলার অপর এক আসামি শাখাওয়াত হোসেন ওরফে শরীফের জামিনের আবেদন এদিন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা নাকচ করেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার জানান।

গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালির ত্রাণকর্মী চেজারে তাভেল্লা।

গত ১৭ জুলাই এ মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার কাইয়ুম চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত। কাইয়ুম ও সোহেল পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয় ওই দিনই।

মামলার অপর আসামিরা হলেন- কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শ্যুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল ও মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল।

এদের মধ্যে তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মতিনসহ ওই চারজন বর্তমানে কারাগারে।

পুরনো খবর:

তাভেল্লা হত্যা: পলাতক দুই আসামির সম্পদ জব্দের নির্দেশ