২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাভেল্লা হত্যা: পলাতক দুই আসামির সম্পদ জব্দের নির্দেশ

ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যা মামলার পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 02:13 PM

Updated : 12 Apr 2022, 02:28 AM

এ মামলার সাত আসামির বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী রোববার পরোয়ানা জারির এ আদেশ দেন।

পলাতক দুই আসামি হলেন- বিএনপি নেতা এম এ কাইয়ুম ও মুহাম্মদ সোহেল ওরফে ভাঙারি সোহেল।

অভিযোগপত্রের অন্য আসামিরা হলেন- কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহম্মেদ রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল ও সাখাওয়াত হোসেন ওরফে শরীফ।

গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালির ত্রাণকর্মী চেজারে তাভেল্লা।

প্রায় এক মাস পর ২৬ অক্টোবর গোয়েন্দা পুলিশ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে দুই রাসেল, রুবেল ও শরীফকে গ্রেপ্তার করে, যারা সবাই পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

আর কাইয়ুমের ভাই আব্দুল মতিন ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল থেকে ৪ নভেম্বর রাতে গ্রেপ্তার হন বলে জানায় পুলিশ।

তাভেল্লা হত্যাকাণ্ডের পর ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে বিবৃতি দেয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্সের দাবি। তবে হত্যাকাণ্ডে রাজনীতিকদের কেউ কেউ জড়িত জানিয়ে গুলশান এলাকার সাবেক কমিশনার কাইয়ুমের সংশ্লিষ্টতা খতিয়ে দেখার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এরপর ২৮ জুন কাইয়ুমসহ সাত জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।

পুরনো খবর:

তাভেল্লা হত্যার অভিযোগপত্রে কাইয়ুমসহ আসামি ৭