১২ বছরে ফুলে ওঠা মেহবুব
ব্যবসায়ী থেকে মাঝ বয়সে চাকরি জীবন শুরুর এক যুগের মাথায় দেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরীর বাণিজ্যিক তৎপরতা ছিল মুখরোচক আলোচনার উপজীব্য।
ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় শনিবার গ্রেপ্তার টেলিকম খাতের আলোচিত এই ব্যক্তির নাম ছিল সারা বিশ্বের করফাঁকিবাজদের তালিকার চাঞ্চল্যকর পানামা পেপার্সেও।
দুপুরে শ্রীলঙ্কা থেকে ফেরার পর মেহবুবকে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। সিটিসেলের নামে এ বি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে সাড়ে তিনশ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগে বুধবারই একটি মামলা করে দুদক।
ওই মামলায় মেহবুব চৌধুরী ছাড়াও সিটিসেলের অন্যতম মালিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের পাশাপাশি এ বি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়।
মেহবুব চৌধুরী
১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করে ব্যাংকার পিতার সন্তান মেহবুব চাকরি শুরু করেন ১৭ বছর পর। ১৯৯৮ সালে গ্রামীণফোনের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক পদে যোগ দেন তিনি।
প্রায় সাড়ে পাঁচ বছর একই পদে থাকার পর ২০০৪ সালের মার্চে গ্রামীণফোনের বিক্রয়, বিপণন ও গ্রাহক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক পদের দায়িত্ব পান।
২০০৫ সালের সেপ্টেম্বরে যোগ দেন বাজারে আসা নতুন অপারেটর বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হিসেবে। সেখানে অপারেটরটির মিশরীয় মালিকের ঘনিষ্ঠ প্রধান আর্থিক কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ১০ মাসের মাথায় সরতে বাধ্য হন মেহবুব।
মেহবুব চৌধুরী বাংলালিংকে যাওয়ার আগে তার পরিবারের নামে বেশিরভাগ মালিকানাধীন বিজ্ঞাপনী সংস্থা কোজিটোর যাত্রা শুরু হয়, বাংলালিংক থেকে সরার সঙ্গে সঙ্গেই এই প্রতিষ্ঠানের উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হন তিনি।
এই কোজিটোর অধীনে ২০০৯ সালে কনসিটো পিআর নামে আরেকটি জনসংযোগ ও বিজ্ঞাপনী প্রতিষ্ঠান চালু করা হয়। এই প্রতিষ্ঠান চালুর পরের বছর সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেন মেহবুব।
ভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে থেকে বেনামে লাভজনক প্রতিষ্ঠান গড়ে সেসব প্রতিষ্ঠানকে মুনাফামূলক কাজ দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে মেহবুব চৌধুরীর বিরুদ্ধে।
বহুল আলোচিত পানামা পেপার্স ফাঁসকারী ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) ২০১৩ সালে অফশোর ব্যবসায় যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের যে নথি প্রকাশ করেছিল ‘অফশোর লিকস’ নামে, তাতে বাংলাদেশিদের মধ্যে মেহবুব চৌধুরীর নাম ছিল।
জিএম চৌধুরীর ছেলে মেহবুব চৌধুরীর আরেক ভাই কলামনিস্ট ও টেলিভিশনের আলোচক আফসান চৌধুরী।
[মেহবুব চৌধুরীর জীবনীর তথ্যগুলো লিঙ্কডইন থেকে নেওয়া]
