২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মী নির্যাতন: শাহেদুলকে জাতিসংঘ মিশনে বদলি

নিউ ইয়র্কে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি কূটনীতিক শাহেদুল ইসলামকে জাতিসংঘের স্থায়ী মিশনে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2017, 10:55 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহি মিনা শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাকে জাতিসংঘের স্থায়ী মিশনের কাউন্সিলর পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২০ জুন তিনি নয়া দায়িত্বে যোগ দিয়েছেন।

“এখন তিনি সব কূটনৈতিক সুবিধা পূর্ণভাবে ভোগ করতে পারবেন বলে আশা করা যাচ্ছে।”

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গত ১২ জুন গ্রেপ্তার হন শাহেদুল ইসলাম, নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের ডেপুটি কনসাল জেনারেল ছিলেন তিনি।

তার বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশ থেকে মোহাম্মদ আমিন নামে একজনকে গৃহকর্মী হিসেবে নিউ ইয়র্কে এনে তার কুইন্সের বাসায় রেখে ২০১২ থেকে ২০১৬ সালের মে মাস পর্যন্ত বিনা মজুরিতে জোরপূর্বক কাজ করিয়েছেন।

কূটনৈতিক কর্মকর্তা হলেও তখন সম্পূর্ণ ‘কূটনৈতিক দায়মুক্তি’র অধিকারী না হওয়ায় গ্রেপ্তার এড়াতে পারেননি শাহেদুল।

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর কুইন্স সুপ্রিম কোর্টে হাজির করলে বিচারক ড্যানিয়েল লুইস ৫০ হাজার ডলারের বন্ড বা নগদ ২৫ হাজার ডলারে তার জামিন ঠিক করে দেন। এরপর ১৩ জুন সন্ধ্যায় তিনি জামিনে মুক্ত হন। তবে আদালত শাহেদুলের পাসপোর্ট জব্দ করার নির্দেশ দেয়।

কুইন্স সুপ্রিম কোর্টে শাহেদুলের বিরুদ্ধে মামলার প্রথম শুনানি হয় বুধবার। শাহেদুল ইসলামের বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতন ও মানবপাচারসহ প্রায় ২০টি অভিযোগ খণ্ডন করে আদালতে বক্তব্য দেন তার আইনজীবীরা। আগামী ৩ অক্টোবর শুনানির পরবর্তী দিন রেখেছে আদালত।

এর আগে শাহেদুল ইসলামের পাসপোর্ট ফেরত চেয়ে একটি মৌখিক আবেদন করেছিলেন আইনজীবীরা। এবার শুনানি শেষে আদালত পাসপোর্টের বিষয়ে নতুন করে লিখিত আবেদন জমা দিতে বলেছেন। ১১ জুলাইয়ের মধ্যে এ আবেদন করতে হবে।

কূটনৈতিক পাসপোর্ট আদালতের কাছে থাকায় মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রেই থাকতে হবে শাহেদুলকে।

তার মামলার শুনানি চলার সময় আদালতের বাইরে শাহেদুলকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন একদল প্রবাসী।

পুরনো খবর:

নিউ ইয়র্কে বাংলাদেশি কূটনীতিকের পক্ষে মানববন্ধন
গৃহকর্মী নির্যাতন: নিউ ইয়র্কে বাংলাদেশের কূটনীতিক গ্রেপ্তার
নিউ ইয়র্কে গ্রেপ্তার বাংলাদেশি কূটনীতিক জামিনে মুক্ত