২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে কূটনীতিক গ্রেপ্তারে বাংলাদেশের প্রতিবাদ

শ্রমিক পাচার, গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নিউ ইয়র্কে এক কূটনীতিককে গ্রেপ্তারের ‘জোরাল প্রতিবাদ’ জানিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 02:18 AM

Updated : 11 Oct 2022, 02:09 PM

পুরনো খবর:

গৃহকর্মী নির্যাতন: নিউ ইয়র্কে বাংলাদেশের কূটনীতিক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে বিচার এড়াতে পারছেন না কূটনীতিক মনিরুল

মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “এই গ্রেপ্তার কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশন ১৯৬৩ এর স্পষ্ট লংঘন বলে আমাদের মনে করার কারণ রয়েছে।

“ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের শার্জ ডি অ্যাফেয়ার্সের কাছে আমরা জোরাল প্রতিবাদ জানিয়েছি।”

তবে কীভাবে এই প্রতিবাদ জানানো হয়েছে সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি। বলা হয়েছে, বাংলাদেশ ‘উদ্বেগ’ জানিয়েছে।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন জোয়েল রেইফম্যানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

গৃহকর্মীকে নির্যাতন এবং মজুরি চাওয়ায় হত্যার হুমকির অভিযোগে সোমবার সকালে নিউ ইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।

কয়েক ঘণ্টা পর কুইন্স সুপ্রিম কোর্টে হাজির করা হলে বিচারক ৫০ হাজার ডলারের বন্ড বা নগদ ২৫ হাজার ডলারে তার জামিন এবং তার পাসপোর্ট জব্দ করার নির্দেশ দেন।

নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান এবং অন্যান্য সহকর্মী ও স্বজনরা শাহেদুলের জন্য ৫০ হাজার ডলারের বন্ড যোগাড় করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শাহেদুলের বাসা থেকে ওই গৃহকর্মী গত বছর ১৭ মে নিখোঁজ হওয়ার পর সে বিষয়ে ১৮ ও ১৯ মে নিউ ইয়র্কে বাংলাদেশের কনসুলেট জেনারেল এবং ওয়াশিংটন দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে অবহিত করা হয়েছিল।

“কিন্তু শাহেদুলকে গ্রেপ্তারের আগ পর্যন্ত ওই বিষয়ে পররাষ্ট্র দপ্তর থেকে কিছু জানানো হয়নি।”

বিষয়টি নিয়ে বাংলাদেশের ওয়াশিংটন দূতাবাস এখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছে।

“আমরা আশা করছি, আমাদের উদ্বেগের বিষয়টি সঠিকভাবে তুলে ধরা হবে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এবং প্রয়োজন অনুযায়ী সাহায্য-সহযোগিতা করব,” বলা হয়েছে পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে।