২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো নৃত্যনন্দনের ওড়িশি নৃত্য কর্মশালা

নৃত্যসংগঠন নৃত্যনন্দনের আয়োজনে অনুষ্ঠিত হল ওড়িশি নৃত্যের কর্মশালা। কর্মশালাটি পরিচালনা ভারতের পশ্চিমবঙ্গের  ওড়িশি নৃত্যশিল্পী শাশ্বতী গড়াই ঘোষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2017, 06:42 PM

Updated : 11 Oct 2022, 02:09 PM

গত ৬ জুন থেকে শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনের মহড়া কক্ষে শুরু হওয়া কর্মশালার সমাপনী দিন ছিল সোমবার। কর্মশালা আয়োজনে সহযোগিতায় ছিল শিল্পকলা একাডেমি।

নির্বাচিত ৫০ শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পান। ওড়িশি নাচের প্রাথমিক পর্বসহ নানা কৌশল শেখানো হয় শিক্ষার্থীদের। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত কঠোর অনুশীলনের মাধ্যমে সেসব কৌশল রপ্ত করে নবীন নৃত্যশিল্পীরা।

সমাপনী দিনের দুপুরে অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। প্রদীপ প্রজ্জ্বলন করেন শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) পরিচালক জয়শ্রী কুন্ডু, নৃত্য নন্দনের কর্ণধার শর্মিলা বন্দ্যোপাধ্যায়, প্রবীণ নৃত্যশিল্পী আমানুল হক ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

সমাপনী পর্বের উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে শিক্ষার্থীরা উপস্থাপন করে কর্মশালায় শিক্ষাপ্রাপ্ত ওড়িশি নাচের নানা কৌশল। পঞ্চাশ শিল্পীর নাচের মুদ্রার সঙ্গে নূপুরের নিক্কনে আলোড়িত হয়ে ওঠে মহড়া কক্ষ। উপস্থাপিত হয় ওড়িশি নাচের মূল ভিত্তিভূমির চারটি ভঙ্গিমা চৌকা, শামা, ত্রিভঙ্গি ও আভাঙ্গা। উঠে আসে পায়ের সঙ্গে তাল মিলিয়ে শরীরের ভারসাম্য ধরে রাখার কৌশল।

শিক্ষার্থীদের নাচ শেষে নিজের পরিবেশনা উপস্থাপন করেন নৃত্যশিল্পী শাশ্বতী গড়াই ঘোষ। তার অনবদ্য পরিবেশনায় ভিন্ন মাত্রা পায় সমাপনী আয়োজনটি। প্রথমেই তিনি উপস্থাপন করে হাতের ভারসাম্য বজায় রেখে ওড়িশি নাচে পায়ের কারুকার্য ও শক্তিমত্তা মেলে ধরা পরিবেশনা।

এরপর উপস্থাপন করেন মঞ্চে প্রবেশ, মঙ্গলাচরণ ও পল্লবী শিরোনামের ওড়িশি নাচের তিনটি পৃথক ভঙ্গিমা। সবশেষে পরিবেশন নাচের সঙ্গে অভিনয়ের মেলবন্ধনে গড়া কৃষ্ণের জন্মকথা নামের ভঙ্গিমা।

শিক্ষার্থীদের প্রতি শাশ্বতী গড়াই ঘোষ বলেন, “ছয়টি দিন তারা কঠোর অনুশীলন করেছে। শেখার প্রতি তাদের একাগ্রতা আমাকে মুগ্ধ করেছে। আশা করি, ভবিষ্যতে আবার আসব ঢাকায় এবং এই শিক্ষার্থীদের ওড়িশি নাচের আরো কলাকৌশল জানতে সাহায্য করব।”

সমাপনী বক্তব্যে শর্মিলা বন্দ্যোপাধ্যায় বলেন, “সব মিলিয়ে শিক্ষার্থীদের মাঝে দারুণ এক অভিজ্ঞতা সঞ্চারিত হলো এ কর্মশালার মাধ্যমে। পরবর্তীতে এই শিক্ষার্থীদের আরো পরিপক্ক করে গড়ে তুলতে শাশ্বতী গড়াই ঘোষের পরিচালনায় আরেকটি কর্মশালার আয়োজন করব।”