জেএমবির ‘শরিয়া বোর্ডের আমির’ গ্রেপ্তার
জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের শরিয়া বোর্ডের আমিরকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব, যিনি ঢাকার ডেমরার একটি মাদ্রাসার উপাধ্যক্ষের পদে রয়েছেন।
মামুনুর রশিদ ওরফে শায়খ মামুনকে সোমবার ভোরে ডেমরা থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন।
মামুনের বাড়ি শরীয়তপুরে। বাংলাদেশে দাওরায়ে হাদিস পড়ার পর ২০০৪-০৬ সাল পর্যন্ত তিনি ভারতের উত্তর প্রদেশে দারুল উলুম বিষয়ে পড়াশোনা করেন বলে র্যাব জানিয়েছে।
বাহিনীর মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেছেন, ২০১৫ সালে জেএমবির শরিয়া বোর্ড গঠিত হয়, যার বর্তমান আমির শায়খ মামুন। বিভিন্ন সময়ে আটক জঙ্গি ও যাদের নাম বিভিন্ন সময়ে আসে, তাদের সঙ্গে তার যোগাযোগ ছিল।
গ্রেপ্তার মামুনকে নিয়ে দুপুরে কারওয়ান বাজারে বাহিনীর গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র্যাব।
মুফতি মাহমুদ বলেন, জেএমবির দাওয়াত বিষয়ক শূরা সদস্য ইমরান আহমেদকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে ‘মারকাজুল হিকমা ওমর ফারুক’ নামে একটি মাদ্রাসা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন তিনি।
তিনি বলেন, “২০০৩ সালে মালিবাগ থেকে দাওরা পড়াশোনা শেষ করে ২০০৪-০৬ সাল পর্যন্ত ভারতের উত্তর প্রদেশে দারুল উলুম বিষয়ে পড়াশোনা করে সে। বিভিন্ন ভাষা থেকে সে বাংলায় অনুবাদ করতে পারে।”
সায়েদাবাদের বায়তুল নূর মাদ্রাসায় সাত বছর পড়িয়েছিলেন মামুন। ২০১৪ সালের দিকে তৌহিদ ও ইমাম নামের দুজনের তিনি জেএমবিতে সম্পৃক্ত হন বলে র্যাবের ভাষ্য।
র্যাবের ভাষ্য অনুযায়ী, ২০০৭ সালে বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমান গ্রেপ্তার হওয়ার পর ২০১৪ সালে পুরাতন জেএমবি ‘নতুন চেতনায় নব্য জেএমবি হিসেবে’ আত্মপ্রকাশ করে, যার নেতৃত্বে ছিলেন জঙ্গি নেতা তামিম চৌধুরী ওরেফে আবু দুজুনা এবং শায়খ আবু ইব্রাহিম আল হানিফ ওরফে আব্দুর রহমান আয়নাল ওরফে সারোয়ার জাহান।
র্যাব জেএমবির এই অংশটিকে বলে ‘সারোয়ার-তামিম গ্রুপ’। আর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বলে ‘নব্য জেএমবি’।
গুলশানের হলি আর্টিজান বেকারিসহ গত কয়েক বছরে বাংলাদেশে অধিকাংশ জঙ্গি হামলা ও হত্যার জন্য জেএমবির এই অংশটিকেই দায়ী করে আসবে র্যাব ও পুলিশ।
গ্রেপ্তার মামুনুর রশিদ
মুফতি মাহমুদ বলেন, ২০১৫ সালে সারোয়ার-তামিম গ্রুপের সঙ্গে সম্পৃক্ত হন মামুন। অল্প কিছুদিনের মধ্যেই মামুন দলটির শীর্ষনেতাদের আস্থাভাজন হয়ে ২০১৬ সালে শরিয়া বোর্ডের আমির নির্বাচিত হন।
তিনি বলেন, এই শরিয়া বোর্ডে ১০/১২ জন সদস্য থাকে। এই সদস্যরাও যথেষ্ট ‘স্কলার’। তারা বিভিন্ন জায়গা থেকে জঙ্গি বিষয়ক তথ্য বই সংগ্রহ করে সেগুলো নিজেদের মতো করে অনুবাদ করে সেগুলো প্রচার করতেন। জাহিদ ও তৌহিদ নামের দুজন এই বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত।
নিষিদ্ধ সংগঠনটির শরিয়া বোর্ডের কাজ সম্পর্কে র্যাব মুখপাত্র বলেন, “জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের মোটিভেশনের জন্য আমরা যা দেখি, বিভিন্ন সময়ে যেসব উদ্ধার হয়েছে, যেমন ফেইসবুকে উগ্র ভাবনার যেসব সামগ্রী রয়েছে, সেগুলো সংগ্রহ করা, অনুবাদ করা ও বিভিন্ন জায়গায় বণ্টনের জন্য একটি কমিটি কাজ করে। সেটি শরিয়া বোর্ড নামে পরিচিত। ওই বোর্ডের আমির মামুন।”
এরা কুরআন-সুন্নাহর ব্যাখ্যা ভিন্নভাবে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে আসছিল দাবি করে মুফতি মাহমুদ বলেন, তারা পৃথিবীর বিভিন্ন সংগঠনের কাজ, সফলতা এরা অডিও-ভিডিও যুক্ত করত।
তিনি বলেন, তারা অনেক ‘স্কলারদের’ টার্গেট করে সদস্য বানাত। ইমামদের মাধ্যমে বিভিন্ন আলোচনার মাধ্যমে জিহাদের মতাদর্শ ছড়িয়ে দিতে সাহায্য করত।
মুফতি মাহমুদ বলেন, “মামুন বলেছে অনেক দক্ষ লোকজন তার সঙ্গে ছিল। লোকজনকে ভালোভাবে তারা মোটিভেট করতে পারে এমন অডিও ভিডিও ও অন্যান্য দলিল তাদের কাছে রয়েছে।”
মামুন আর কী কী কাজে জড়িত ছিল, তা জানতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে র্যাবের।
