২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘুষের’ টাকাসহ গ্রেপ্তার: শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কারাগারে

দুই লাখ টাকা ‘ঘুষসহ’ হাতেনাতে গ্রেপ্তার সহকারী শিক্ষা পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 04:32 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

বুধবার ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেনের আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নূর-ই-আলম আসামি মোস্তাফিজুর রহমানকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জামিনের আবেদন করেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মঙ্গলবার বিকালে রাজধানীর পল্টনের পলওয়েল মার্কেট এলাকা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওই কর্মকর্তাকে ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার করে দুদকের একটি বিশেষ দল।

দুদকের ভাষ্য, মোস্তাফিজুর রহমান পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের পক্ষে প্রতিবেদন দিতে কর্তৃপক্ষের কাছে ৩ লাখ টাকা দাবি করেন।

এরপর বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্নীতি দমন কমিশনকে জানালে কমিশন আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ‘ফাঁদ মামলা’ চালানোর অনুমতি দেয়।

এরপর প্রধান শিক্ষকের কাছ থেকে মোস্তাফিজুর রহমান ঘুষের টাকার প্রথম কিস্তি বাবদ ২ লাখ টাকা রাজধানীর পলওয়েল মার্কেটের সামনে এসে গ্রহণ করলে দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল তাকে টাকাসহ হাতে-নাতে গ্রেপ্তার করে। ওইসময় দেহ তল্লাশি করে আরো ৯৮ হাজার টাকা পাওয়া যায়।

এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক নূর-ই-আলম বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা করেন।

পুরনো খবর:

‘ঘুষের’ ২ লাখ টাকাসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা গ্রেপ্তার