২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘুষের’ ২ লাখ টাকাসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা গ্রেপ্তার

পরিদর্শনের পর একটি বিদ্যালয়ের পক্ষে প্রতিবেদন দিতে ‘ঘুষ হিসেবে নেওয়া’ দুই লাখ টাকাসহ শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2017, 08:58 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান নিরীক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক। বিসিএস শিক্ষা ক্যাডারের ২৯তম ব্যাচের কর্মকর্তা তিনি।

মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনের পলওয়েল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান।

দুদকের বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।

প্রণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোস্তাফিজুর রহমান সম্প্রতি পিরোজপুরের নাজিরপুর উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিদ্যালয়ের পক্ষে প্রতিবেদন দেওয়ার জন্য ‘কর্তৃপক্ষের কাছে তিন লাখ টাকা ঘুষ’ দাবি করেন তিনি।

এরপর বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্নীতি দমন কমিশনকে জানালে কমিশন আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ‘ফাঁদ মামলা’ চালানোর অনুমতি দেয়।

“মঙ্গলবার বিদ্যালয়টির প্রধান শিক্ষকের কাছ থেকে মোস্তাফিজুর রহমান ঘুষের টাকার প্রথম কিস্তি বাবদ দুই লাখ টাকা পলওয়েল মার্কেটের সামনে থেকে গ্রহণ করলে টাকাসহ হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে আরও ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়।”

এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক নূর-ই-আলম বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেছেন।