অস্ট্রিয়ার সঙ্গে সহযোগিতা জোরদারের ক্ষেত্র চিহ্নিত: প্রধানমন্ত্রী
বাংলাদেশের পুরনো বন্ধু অস্ট্রিয়ার সঙ্গে সহযোগিতা জোরদারে দুই দেশ যৌথভাবে কাজ করার নতুন ক্ষেত্র চিহ্নিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ভিয়েনায় অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিস্টিয়ান কের্নের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
শেখ হাসিনা বলেন, “আজ আমরা দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারে কৃষি, প্রাণিসম্পদ, সংযোগ, বাণিজ্য ও বিনিয়োগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাত যৌথভাবে চিহ্নিত করেছি।
“সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের মতো বৈশ্বিক বিষয়েও আমাদের মধ্যে মতবিনিময় হয়েছে।”
সব ধরনের সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ‘জিরো টলারেন্স নীতি’র কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশনের ৬০ বছর পূর্তির সম্মেলনে যোগ দিতে শেখ হাসিনা সোমবার অস্ট্রিয়া যান। মঙ্গলবার সকালে ভিয়েনা সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে বসেন।
দ্বিপক্ষীয় বৈঠকের আগে কের্নের সঙ্গে একান্ত বৈঠক করেন শেখ হাসিনা।
যৌথ সংবাদ সম্মেলনের শুরুতেই উষ্ণ আতিথেয়তার জন্য চ্যান্সেলরকে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে বাংলাদেশের সঙ্গে অস্ট্রিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্মরণ করেন তার মেয়ে শেখ হাসিনা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ব্রুনো ক্রায়েস্কির নেতৃত্বে অস্ট্রিয়ার সরকার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সংহতি জানিয়েছিল এবং ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।
২০১২ সালে চ্যান্সেলর ক্রায়েস্কিকে মরণোত্তর ‘মুক্তিযুদ্ধের বন্ধু সম্মাননা’ দেওয়ার কথা এ সময় তুলে ধরেন তিনি।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশের সাফল্যে তার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।
“বাংলাদেশ এখন বিশ্বজুড়ে উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে স্বীকৃত। আমরা এই বছর ৭ দশমিক ২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছি।”
সাম্প্রতিক সময়ে অস্ট্রিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার হয়েছে জানিয়ে উদাহরণ হিসেবে ২০১৪ সালে ভিয়েনায় আবাসিক মিশন খোলার কথা তুলে ধরেন শেখ হাসিনা।
“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার এই সফরে সম্পর্ক জোরদারে নতুন মাত্রা যোগ হবে।”
বাংলাদেশের কোনো সরকারপ্রধান হিসেবে এই প্রথম অস্ট্রিয়া সফর করছেন শেখ হাসিনা। এর আগে ১৯৬৯ সালে প্রথমবার পর্যটক হিসেবে এবং ১৯৯৩ সালে বিরোধী দলীয় নেতা হিসেবে পূর্ব ইউরোপের এই দেশ সফর করেন তিনি।
সংবাদ সম্মেলনে বক্তব্যে বিশ্বজুড়ে চলমান অভিবাসন ও শরণার্থী সংকট সমাধানের উপায় খোঁজার আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান।
তিনি বলেন, সামরিকভাবে এই সমস্যার সমাধান করা যাবে না, আলোচনা ও সংলাপের মাধ্যমে পথ খুঁজতে হবে।
“এই ক্ষেত্রে অস্ট্রিয়ার মতো উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে।”
বাংলাদেশের বিভিন্ন খাতে অস্ট্রিয়ার ব্যবসায়ীরা যাতে বিনিয়োগে আগ্রহী হন, সে বিষয়ে উদ্যোগ নিতে চ্যান্সেলর কের্নের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
অস্ট্রিয়ার চ্যান্সেলরকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন কাছাকাছি চলে এসেছে। তার আগেই অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশ সফর করবেন বলে আশা করছেন তিনি।
অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনা নিয়ে তার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, জঙ্গিবাদের মূল কারণগুলো খুঁজে বের করার কথা বলেছেন শেখ হাসিনা।
জঙ্গিবাদের অর্থায়ন ও অস্ত্রের সরবরাহ বন্ধের ওপর গুরুত্বারোপ করে বৈঠকে তিনি বলেন, “অস্ত্র ব্যবসায়ীদের নিশ্চিত করতে হবে যে, এই অস্ত্র জঙ্গিদের কাছে যাচ্ছে না।”
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলার বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানান ইহসানুল করিম।
এ বিষয়ে ক্রিস্টিয়ান কের্ন বলেন, এক্ষেত্রে তাদের অর্জিত জ্ঞান দিয়ে বাংলাদেশকে সহায়তা করতে পারবে।
অস্ট্রিয়ার চ্যান্সেলরও ওই বৈঠক নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারসহ বিভিন্ন বিষয়ে দুই নেতার মধ্যে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে।
দুই দিনের এই সরকারি সফরে অস্ট্রিয়ার ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডের ব্যালেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনা।
