আইন সংস্কার: ফের মাঠ পর্যায়ের মতামত চাইছে ইসি
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)সহ সংশ্লিষ্ট নির্বাচনী আইনের সংস্কারে মাঠ কর্মকর্তাদের কাছে মতামত চাইছে কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
জুনের প্রথমার্ধের মধ্যে কমিশন সচিবালয়ে জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এ প্রস্তাব পাঠাতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা সংস্কার ও ভোট আয়োজনের ‘রোডম্যাপ’ ঘোষণার পর এ নির্দেশনা দিতে যাচ্ছে ইসি সচিবালয়।
সিইসি ইতোমধ্যে বলেছেন, “জাতীয় নির্বাচনের আগে নিবন্ধিত দলগুলোসহ সংশ্লিষ্টদের সঙ্গে একবারই সংলাপ করব। সীমানা পুনর্নির্ধারণ, আইন সংস্কার, ভোটার তালিকা হালনাগাদ, নতুন নিবন্ধন, ভোটকেন্দ্র, ইসির সক্ষমতা বাড়ানো ও সবার জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি-এ সাত বিষয় নিয়ে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত আলোচনা হবে।”
তিনি জানান, সবার সঙ্গে বসার আগে নিজেদের গাইডলাইন চূড়ান্ত করা হবে। এজন্যে ইসি সচিবালয় কাজ করছে।
রোববার ইসির সহকারী সচিব রৌশন আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনী আইন সংশোধনে মাঠ কর্মকর্তাদের মতামত দেওয়ার জন্যে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি পাঠানো হচ্ছে। আজ-কালের মধ্যে চিঠি দেওয়া হতে পারে। মতামতের জন্য ১৫ দিনের সময় দেওয়া হবে।”
সেই জেলা নির্বাচন কর্মকর্তা সংশ্লিষ্ট জেলার উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভা করে তাদের সবার মতামত নিয়ে তা সমন্বয় করে ইসিতে পাঠাতে হবে।
ইসি কর্মকর্তারা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী আইন ও বিধিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে ইসি। মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত নিয়ে নির্বাচনী আইনে পরিবর্তন আনা হবে। ঘোষিত রোডম্যাপ অনুসারে সবার সঙ্গে সংলাপের আগে নিজেদের প্রস্তুতি গুছিয়ে রাখতে এ উদ্যোগ।
আগামী সংসদ নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও),নির্বাচন পরিচালনা বিধিমালা, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, স্বতন্ত্র প্রার্থী (প্রার্থীদের পক্ষে সমর্থন যাচাই) বিধিমালা, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন এবং নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ অধ্যাদেশে সংস্কারের কাজ করবে ইসি।
এই আইনগুলোর সংস্কারের ব্যাপারে দেশের সব আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তারা অধীনস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ কাজে সহযোগিতা করতে চিঠি দেওয়া হচ্ছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১৩ জুনের মধ্যে এ নির্বাচন সংশ্লিষ্ট সব আইন ও বিধানসমূহ সংশোধনের জন্য প্রস্তাব পাঠাতে হবে। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদেরকেও একই সময়ে মধ্যে এ বিষয়ে তাদের প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে নির্বাচনী আইন ও বিধিমালা ছাড়াও ‘নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ অধ্যাদেশ-১৯৭৬’ সম্পর্কেও মতামত দেওয়ার জন্য বলা হয়েছে।
এতে বলা হয়, ইতোপূর্বে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের অভিজ্ঞতার আলোকে ও বাস্তবতার নিরিখে জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিসমূহের কোনো সংশোধন, সংযোজন বা বিয়োজন করা প্রয়োজন কি না, তা যাচাই করে আগামী ১৩ জুনের মধ্যে মতামত দিতে হবে।
কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন কমিশনও একদফা কর্মকর্তাদের কাছে মতামত নিয়েছিল। কিন্তু তার আলোকে কোনো সংশোধনী করে যেতে পারেননি তারা। নতুন কমিশনের কাছে সেই মতামতও উপস্থাপন করেনি ইসি সচিবালয়।
নতুন ইসি দায়িত্ব নেওয়ার পর একাদশ সংসদে নিয়ে রোডম্যাপ ঘোষণার পর আরেকদফা মতামত নিচ্ছে।
১৯৭২ সালে গণপ্রতিনিধিত্ব আদেশ প্রণয়নের পর এ পর্যন্ত ১১ বার সংশোধনী এসেছে। এক্ষেত্রে বিভিন্ন অনুচ্ছেদে অন্তত ২০৯টি বিষয়ে সংযোজন-বিয়োজন হয়েছে।
সর্বশেষ ২০১৩ সালের ২৮ অক্টোবর গণপ্রতিনিধিত্ব আদেশ (অধ্যাদেশ) (সংশোধন) আইন ২০১৩ বিল পাস হয়। এতে ব্যয়সীমা ২৫ লাখ করা ও মানবতাবিরোধী দণ্ডিতদের ভোটে অযোগ্য ঘোষণা করাসহ কিছু সংশোধন এসেছিল।
আরপিও সংশোধনের প্রস্তাবের বিষয়ে ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচন, সিটি করপোরেশন, উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনসহ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের উপনির্বাচন, ইভিএমে ভোট অনুষ্ঠানের অভিজ্ঞতা নিয়ে কর্মকর্তাদের অনেক প্রস্তাব থাকতে পারে। সেক্ষেত্রে রাজনৈতিক দল ও নির্বাচন সংশ্লিষ্ট ভোটের অভিজ্ঞতা এ প্রস্তাবে উঠে আসতে পারে।
