চির নিদ্রায় ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে চির শয্যায় ঠাঁই পেয়েছেন ভাস্কর ও চিত্রশিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদ ।
সকালে চারুকলা অনুষদের পর একুশে পদক পাওয়া এই ভাস্করের অমর সৃষ্টি অপরাজেয় বাংলার পাদদেশে তার মরদেহ নিয়ে যাওয়া হয় শ্রদ্ধা জানানোর জন্য।
সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় নাগরিক শ্রদ্ধানুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল শ্রদ্ধা নিবেদন করেন।
ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানান শিল্পী হামিদুজ্জামান খান, মনিরুল ইসলাম, শহীদ কবির, ফকির আলমগীর ও মুহাম্মদ সামাদ।
বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, ঢাবি শিক্ষক সমিতি, কবিতা পরিষদ, গণসঙ্গীত সমন্বয় পরিষদ, ঋষিজ শিল্পীগোষ্ঠী, ছাত্রলীগ, এশিয়াটিক সোসাইটি, উদীচী ও চারুশিল্পী সংসদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন।
আসাদুজ্জামান নূর বলেন, “মুক্তিযুদ্ধের পর স্বাধীনতার পক্ষের সব আন্দোলন-সংগ্রামে তিনি আমাদের পাশে ছিলেন। তিনি পোস্টার এঁকে সেগুলো মিছিলে নিয়ে আসতেন। তার গড়ে যাওয়া অপরাজেয় বাংলা ভাস্কর্যটি এখনো আমাদের সব আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণার উৎস।
“আমাদের দেশে ভাস্কর্য শিল্পটি তুলনামূলকভাবে কম চর্চা হয়; সব ভাস্কর্যও শিল্পসম্মত নয়। সেখানে তিনি এ শিল্পকর্মের প্রতি অনুরক্ত থেকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।’
অনুজ এই শিল্পীর স্মৃতিচারণ করে মনিরুল বলেন, “সে আমার চেয়ে এক বছরের ছোট ছিল, তার স্ত্রী আমার ছাত্রী ছিলো। তার সঙ্গে আমার এমনই পারিবারিক সম্পর্ক ছিলো।
“খালিদের ভেতরে একটা বারুদ ছিলো। সে প্রচুর কাজ করেছে। তার মধ্যে অপরাজেয় বাংলাটি সেরা। এর একটি ঐতিহাসিক মূল্য রয়েছে।’
এর আগে সকাল ১১টায় তার মরদেহ নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানে তার প্রতি চারুকলা অনুষদের শিক্ষক ও ছাত্ররা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শেখ আফজাল, শিল্পী রফিকুন নবী, সৈয়দ জাহাঙ্গীর, সাংবাদিক সালেহ চৌধুরী, নাট্যজন ম. হামিদ উপস্থিত ছিলেন।
শনিবার রাত পৌনে ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ। সকালে তার মরদেহ শেষবারের মতো নিয়ে যাওয়া হয় তার গ্রীণ রোডের বাসভবনে।
