২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল্লাহ খালিদের সৃষ্টি মুক্তিযুদ্ধের চেতনার বাহক: রাষ্ট্রপতি

‘অপরাজেয় বাংলা’র ভাস্কর চিত্রশিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2017, 11:48 AM

Updated : 11 Apr 2022, 11:37 PM

এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “আবদুল্লাহ খালিদের সৃষ্টি ‘অপরাজেয় বাংলা’ মুক্তিযুদ্ধের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে। তার এই সৃষ্টি আমাদের মুক্তি সংগ্রামের ঐতিহ্যকে সমুন্নত রাখবে।”

রাষ্ট্রপতি আবদুল্লাহ খালিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত পৌনে ১২টায় মারা যান সত্তরোর্ধ্ব আব্দুল্লাহ খালিদ। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

এপ্রিলের শেষ সপ্তাহে নিজের শহর সিলেটে একটি সম্মাননা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে একটি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে ২ মে তাকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে আনা হয়। সেখান থেকে বারডেমে আনা হয়েছিল ১০ মে।

শিল্পকলা ও ভাস্কর্যে অবদানের স্বীকৃতি হিসেবে আব্দুল্লাহ খালিদ ২০১৪ সালে শিল্পকলা পদক এবং ২০১৭ সালে একুশে পদকে ভূষিত হন।