শিশুদের চেয়ে প্রতিযোগিতায় বেশি অভিভাবকরা: রাষ্ট্রপতি
অভিভাবকদের প্রতিযোগিতার আগ্রহের কারণে শিশুদের ধারণ ক্ষমতার কথা চিন্তা করা হয় না উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, এতে করে শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা বাধাগ্রস্ত হয়।
বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরাষ্ট্রপতিএ কথা বলেন।
তিনি বলেন, “আজকাল শিশুদের লেখাপড়া নিয়ে জীবনের শুরুতেই চরম প্রতিযোগিতা শুরু হয়। এ প্রতিযোগিতায় শিশুদের চেয়ে তাদের মা-বাবা ও অভিভাবকদের আগ্রহই বেশি দেখা যায়। শিশুদের ধারণ ক্ষমতা চিন্তা না করে কে কয়জন টিউটরের কাছে পড়ছে বা কে কতবেশি নম্বর পেল সেটাকেই প্রাধাণ্য দেয়া হয়। এতে শিশুদের স্বাভাবিক বেড়ে উঠা বাধাগ্রস্ত হয়।”
“এর জন্য দরকার শিশুদের জন্য সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা। শিশুকে শিশুর মতোই থাকতে দিতে হবে। শিশুর ব্যক্তিত্ব ও আগ্রহের প্রতি আস্থা রাখতে হবে। অহেতুক বা ইচ্ছার বিরুদ্ধে শিশুদের ওপর কিছু চাপিয়ে দিলে শিশুদের স্বাভাবিক বিকাশ বিঘ্নিত হতে পারে, তাদের স্বপ্ন ভেঙ্গে যেতে পারে।”
রাষ্ট্রপতি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের মানব সম্পদে পরিণত করতে মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পদক ও সনদ বিতরণ করেন।
