২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে হামলার প্রতিবাদ শাহবাগে

নারায়ণগঞ্জে শহীদ মিনারে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে হামলা কবিগুরু ও শহীদ মিনারকে হেয় করার শামিল বলে মন্তব্য করেছেন সংস্কৃতিকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2017, 12:53 AM

Updated : 11 Apr 2022, 11:35 PM

রোববার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ছাত্র-শিক্ষক-লেখক-শিল্পী-সাংবাদিক-সংস্কৃতিকর্মীবৃন্দ ব্যানারে এক সমাবেশ থেকে এই ঘটনায় জড়িত ছাত্রলীগকর্মীদের বিচারও দাবি করা হয়।

সমাবেশে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, “নারায়ণগঞ্জে যে রবীন্দ্রনাথ ও শহীদ মিনারকে আক্রান্ত হতে দেখি, তা আমি দেখেছি পাকিস্তান আমলে। তারা আমাদের ভাষা-সংস্কৃতিকে ধ্বংস করে দিতে চেয়েছিল।”

বনানীর দুই তরুণী ধর্ষণের ঘটনা তুলে ধরে তিনি বলেন, “এ রাষ্ট্র এখন নব্য দখলদারদের হাতে চলে গেছে। এরা দুর্বৃত্তায়িত, এরা কালো টাকার মালিক, এদের ছেলেরা অপরাধ করলে এরা লজ্জা পায় না ।”

“আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে দেখেছি, এ আওয়ামী লীগকে আমার কাছে অচেনা লাগছে,”

বলেন প্রবীণ এই রাজনীতিক।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম নারায়ণগঞ্জের ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, “এই ঘটনা ন্যক্কারজনকই শুধু নয়, দেশের জন্য মহাবিপদের ইঙ্গিত বহন করে।”

তিনি বলেন, “এটাকে কোনো প্রকারেই বিচ্ছিন্ন ঘটনা বলা যায় না। দুর্বৃত্তদের যেমন গডফাদার আছে তেমনি গডফাদারদেরও গডফাদার-গডমাদার থাকে। এখন তাদের বিরুদ্ধে লড়াই করা ছাড়া কোনো উপায় নেই।”

রবীন্দ্রনাথকে মুছে ফেলার উদ্দেশ্যেই এ হামলা হয়েছে বলে মন্তব্য করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক শফি উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “রবীন্দ্রজয়ন্তিতে ছাত্রলীগের হামলার ন্যক্কারজনক ঘটনাকে ধিক্কার জানাই। রবীন্দ্রনাথকে সবকিছু থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। পাঠ্যবই থেকে আবার রবীন্দ্রজয়ন্তিতে হামলা।”

মানবাধিকারকর্মী খুশি কবির বলেন, “শহীদ মিনার আর রবীন্দ্রনাথ বাঙালিদের জীবনে অনেক বড়। এ হামলার মাধ্যমে রবীন্দ্রনাথ-শহীদ মিনারকে হেয় করা হয়েছে।

“হামলার নির্দেশদাতা যদি সংসদ সদস্য হয়ে থাকেন, তাহলে সংসদকেও অবমাননা করা হয়েছে।”

শহীদ মিনারে হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান নারায়ণগঞ্জের সংস্কৃতিকর্মী রফিউর রাব্বী। 

তিনি বলেন, “যে শহীদ মিনারকে দখল করতে হামলা চালানো হয়েছে, সেটাকে দখল করতে এক সময় মোনায়েম খান, আইয়ুব খানও চেষ্টা করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছিল।

“এ হামলার মাধ্যমে দুর্বৃত্তদের আসল চেহারা ফুটে ওঠেছে। এই শহীদ মিনারকে দেখে আমরা শক্তি সঞ্চয় করি। এটি দখল করার ক্ষমতা শত গডফাদারদেরও নেই।”

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা ঋতু ও শিল্পী কফিল উদ্দিন।