২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দেশের মানুষের স্বার্থে ‘তিস্তাকে বাঁচানোর’ তাগিদ

ভারত-বাংলাদেশের ভেতর দিয়ে বয়ে চলা তিস্তার বিভিন্ন স্থানে ব্যারেজ নির্মাণ করে নদীটিকে ‘মেরে ফেলা হয়েছে’ অভিযোগ করে রাজধানীর এক আলোচনা সভা থেকে দুই দেশের মানুষের স্বার্থে একে বাঁচানোর তাগিদ এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2017, 10:22 PM

Updated : 11 Apr 2022, 11:34 PM

শনিবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘মনন’ আয়োজিত সংলাপে এসব কথা বলেন আলোচকরা।

সিকিম থেকে বাংলাদেশ পর্যন্ত আসার পথে তিস্তা নদীতে ২৯টি ব্যারেজ নির্মাণ করা হয়েছে বলে সংলাপে জানান ভারতের পর্যট খাত নিয়ে কাজ করা সুপ্রতিম রাজ বসু।

তিনি বলেন, “ফলে বাংলাদেশ পর্যন্ত আসতে আসতে তিস্তা নদীটা মরে গেল। আর নদীটা মরে যাওয়ার সাথে সাথে সেখানকার সিভিলাইজেশনও ক্ষতিগ্রস্ত হয়েছে।”

‘স্বার্থবাদী মহলের’ কারণে তিস্তায় ‘ডেভেলপমেন্ট’ ও ‘সাসটেইনবিলিটিকে’ এক কাতারে দাঁড় করানো হয়েছে বলে মনে করেন সুপ্রতিম।

“ইকো সিস্টেমকে রিপ্রেজেন্ট করে পানি। ইকো সিস্টেমের ভাষা হচ্ছে পানি। আর তিস্তা নদীতে ইকো সিস্টেমের ভাষা হাইড্রো সিস্টেমে রূপ লাভ করেছে।

“যে তিস্তা বাংলাদেশের ১৫ শতাংশ কৃষিকে রিপ্রেজেন্ট করে, ড্যাম নির্মাণের মাধ্যমে সে ক্ষতিটা বাংলাদেশকে বহন করতে হচ্ছে।”

অনুষ্ঠানের শুরুতে পশ্চিম বাংলার নন্দিত তথ্যচিত্রকার অজয় রায় পরিচালিত ‘দ্য টেলস অব তিস্তা: স্টোরি অব অ্যা ডায়িং রিভার’ প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

প্রদর্শনী শেষে নদী, নদীর জীবন, নদী তীরবর্তী মানুষের জীবন, আন্তর্জাতিক নদী এবং নদী ও রাজনীতি নিয়ে আলোচনা করেন সুপ্রতিম রাজ বসু।

‘দ্য টেলস অব তিস্তা’ নির্মাতা অজয় রায় বলেন, “নদী হচ্ছে সভ্যতার ধারা। নদীর উপর লাখ লাখ মানুষের জীবন নির্ভর করে।

“শুধু তিস্তা নয়, নদীমাতৃক দেশের সব নদীতেই বাঁধ নির্মাণ করা হচ্ছে। নদীগুলোকে এভাবে মেরে ফেলা হচ্ছে, অথচ রাজনৈতিক কারণে আমরা কিছুই বলছি না।”

সংলাপে অন্যদের মধ্যে মননের সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহকারী অধ্যাপক সেলিম মোজহার, ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিম, মননের কার্যনির্বাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাহাবুবুল হক অংশ নেন।