ধর্ষণের আসামি সাফাত ও সাদমানকে রিমান্ডে চায় পুলিশ
বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর সাফাত ও সাদমানকে নিয়ে পুলিশের একটি দল শুক্রবার সকালে ঢাকায় পৌঁছায়।
আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত ও পিকাসো রেস্তোরাঁর অন্যতম মালিক ও রেগনাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমানকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম বলেন, দুপুরের পর তাদের আদালতে তোলা হবে।
এ মামলা তদন্তের দায়িত্বে থাকা পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের উপ-কমিশনার ফরিদা ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ডের আবেদন করবেন তারা।
দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের এই মামলায় সাফাতের আরেক বন্ধু নাঈম আশরাফ (প্রকৃত নাম হাসান মো. হালিম), সাফাতের দেহরক্ষী ও গাড়িচালক আসামি।
মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণ করেন সাফাত ও নাঈম। সাদমানসহ অন্য তিনজন ছিলেন সহযোগী।
ওই দুই তরুণী বৃহস্পতিবার ঢাকার আদালতে জবানবন্দি দেন। তাদের মধ্যে একজন এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সাদমান তাদের বন্ধু; তাদের দুই বান্ধবীকে সেই পীড়াপীড়ি করে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়েছিল।
ঘটনার মাসখানেক পর গত ৬ মে এক তরুণী বনানী থানায় মামলা করার পর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। সাফাত গ্রেপ্তার না হওয়ায় পুলিশের সমালোচনাও ওঠে।
এরপর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় এক প্রবাসীর বাসা থেকে সাফাত ও সাদমানকে গ্রেপ্তার করা হয়।
“রাত সাড়ে ১১টার দিকে মালিকের পরিচিত কাজীরবাজার এলাকার এক ব্যক্তি এই দুইজনকে নিয়ে আসেন। তাদের আমি চিনতে পারি নাই। বাড়ির দ্বিতীয় তলায় তারা থাকছিলেন। আজ রাতে হঠাৎ পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে।”
এর আগে ঢাকা থেকে পালিয়ে সাফাতসহ চারজন সোমবার সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকায় ঠাকুরবাড়ি রিজেন্ট পার্ক রিসোর্টে গিয়েছিলেন। কিন্তু কোনো পরিচয়পত্র দেখাতে না পারায় তাদের ফিরিয়ে দেওয়া হয় বলে রিসোর্টের ব্যবস্থাপক মোবারক হোসেনের ভাষ্য।
তিনি বলেন, “তাৎক্ষণিকভাবে তাদের আমরা চিনতে পারিনি। পরে বুঝতে পেরেছি তাদের মধ্যে সাফাত রয়েছেন।”
পুরনো খবর
