প্রবাসীর পরিচয়পত্র ছিনতাইয়ের অভিযোগ ‘নিচ্ছে না’ খিঁলগাও পুলিশ
রাজধানীর খিঁলগাও এলাকায় অষ্ট্রেলিয়া প্রবাসী এক বাংলাদেশিকে হুমকি দিয়ে তার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানা পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
আবদুল হাফিজ নামের ৪৭ বছর বয়সী ওই অস্ট্রেলীয় পাসপোর্টধারী জানিয়েছেন, গত ৩০এপ্রিল তিনি এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের ‘আইজিপি’স কমপ্লেইন্টস মনিটরিং সেল’ শাখায় লিখিত অভিযোগ করলেও কোনো সাড়া মেলেনি।
অস্ট্রেলিয়ার ‘ডিপার্টমেন্ট অফ হিউম্যান সার্ভিস’ বিভাগে ‘সিকিউরিটি অফিসার’ হিসেবে কাজ করছেন হাফিজ। পরিবারের সঙ্গে দেখা করতে গত ২ এপ্রিল তিনি বাংলাদেশে আসেন, ওঠেন খিঁলগাওয়ে শ্বশুরবাড়িতে।
হাফিজ বলেন, ২৫ এপ্রিল রাতে ওষুধ কেনার জন্য বাসার কাছে জে আর ফার্মা নামের একটি ওষুধের দোকানে যান তিনি। দোকানের বাইরে হঠাৎ মোটর সাইকেলে করে কয়েকজন যুব্ক এসে তাকে ঘিরে ফেলে।
এরপর এক যুবক হাফিজের হাত টেনে নিয়ে নিজের কোমরে ঠেকিয়ে অস্ত্র থাকার ইংগিত দেয় এবং গুলি করার হুমকি দেয়। আরেকজন প্যান্টের পকেট থেকে মানিব্যাগ বের করে সেখান থেকে পরিচয়পত্র নিয়ে নেয় বলে হাফিজের অভিযোগ।
তিনি বলেন, “আমি প্রতিবাদ করায় রাস্তা থেকে ইট তুলে মাথায় মারা চেষ্টা করে একজন। তখন ওষুধের দোকানের মালিক মনির তাকে আটকান। প্রায় ১৫ মিনিট কথা কাটাকাটির পর ওই যুবকরা মোটরসাইকেল নিয়ে চলে যায়।”
পরে স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে হাফিজ জানতে পারেন, ওই যুবকদের মধ্যে মাজেদুল ইসলাম নামে একজন খিঁলগাও থানার পরিদর্শক মো. আসাদুজ্জামানের ‘সোর্স’ হিসেবে পরিচয় দিয়ে থাকে। তার বিরুদ্ধে হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে এলাকায়।
ঘটনাস্থলে একটি ক্লোজড সার্কিট ক্যামেরায় ওই ঘটনার অংশবিশেষ ধরা পড়েছে। ইট নিয়ে মারতে যাওয়ার বিষয়টিও সেখানে এসেছে।
হাফিজ বলেন, ওই রাতেই তিনি অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছেন। পরে খিঁলগাও থানায় গিয়ে ওসি মাইনুল ইসলামকে জানানো হলে তিনি পরিদর্শক মো. আসাদুজ্জামানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
তারপরও ওই পরিদর্শক অভিযোগ আমলে নিয়ে কোনো জিডি বা মামলা নেননি বলে অভিযোগ করেন আবদুল হাফিজ।
এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার ওসি মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো অস্ট্রেলীয় নাগরিক কোনো অভিযোগ নিয়ে তো থানায় আসেনি। এমন কোনো ঘটনার কথা আমার জানা নাই।”
খিলগাঁও থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, “ওসি স্যারের নির্দেশে ওই ঘটনায় থানায় তো মামলা একটা হওয়ার কথা।”
তবে কবে সেই মামলা হয়েছে সে প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
আবদুল হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ সদর দপ্তরের ক্রাইম বিভাগের কর্মকর্তারা আমার পরিচয় ও নাগরিকত্ব যাচাই করতে পাসপোর্ট নিয়ে যেতে বলেছিল। সেখানে একাধিকবার গেলেও আমার ওই ঘটনার কোনো সাধারন ডায়েরি বা মামলা পুলিশ নেয়নি।”
যারা পরিচয়পত্র ছিনিয়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই প্রবাসী বাংলাদেশি।
