হত্যা মামলায় খালেদার আলোকচিত্রী নূরউদ্দিনসহ ২৭ জনের যাবজ্জীবন
২৭ বছর আগে ময়মনসিংহে ফ্রিডম পার্টির হামলায় এক পথচারী নিহতের মামলায় খালেদা জিয়ার ব্যক্তিগত আলোকচিত্রী নূরউদ্দিন আহমেদ নুরুসহ ২৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
মঙ্গলবার ঢাকার ২ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত অন্যরা হলেন- আশরাফুল হক ওরফে আশরাফুল আলম, ওমর ফারুক, লিংকন, জালাল, সৈয়দ শামীম হোসেন, রহিম আহম্মদ, শামছুল ইসলাম, আবুল হোসেন, ফারুক আহম্মেদ, আকবর হোসেন, এরফানুর রহমান খান, সোলায়মান, জাহিদ, সাফায়াত উদ্দিন চৌধুরী, আব্দুর রশিদ, গোলাম রব, শিশির চৌধুরী, অ্যাপোলো হোসেন, আসলাম, ইলিয়াস হোসেন, হিরু মোহাম্মদ, লিয়াকত আলী, কাঞ্চন মিয়া, শেখ আশরাফ হোসেন, আনিছুর রহমান ও আবু তাহের।
আসামিদের মধ্যে আশরাফুল হক ওনূরউদ্দিন জামিনে ছিলেন। আব্দুর রশিদ আছেন কারাগারে।বাকিরা পলাতক।
এ মামলার তিন আসামি জীবিত না থাকায় তাদের বিচার বন্ধ রাখা হয়। এদের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদার মৃত্যুদণ্ড কার্যকর হয় বঙ্গবন্ধু হত্যা মামলায়। সেনাবাহিনীর অপর কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জয়নাল আবেদীন করাগারে অসুস্থ হয়ে মারা যান। আরও একজন আসামি রেজাউল ইসলামও মারা গেছেন।
১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি ময়মনসিংহের পূরবী সিনেমা হল মোড়সংলগ্ন একটি চায়ের দোকানে ফ্রিডম পার্টির নেতা অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা, জয়নাল ও আশরাফুল আলমের নেতৃত্বে গুলি চালান ফ্রিডম পার্টির নেতা-কর্মীরা।
এতে গুলিবিদ্ধ হয়ে স্থানীয় সেহড়া এলাকার যুবক হারুন অর রশীদ ঘটনাস্থলেমারা যান। ওই ঘটনায় পথচারী জহুর আলী, মাহবুবুল, রামচন্দ্র, শামীম ও লিটন গুলিবিদ্ধ হন।
ওই ঘটনায় নিহতের ভগ্নিপতি বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই বছরের ১০ জুলাই বজলুল হুদাকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর সম্পূরক অভিযোগপত্র, তদন্ত এবং হাইকোর্টের আদেশে বিচার স্থগিত থাকায় দীর্ঘ ১৯ বছর এ মামলার বিচার কার্যক্রম আটকে থাকে।
২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি সিআইডি সম্পূরক অভিযোগপত্র দেওয়ার পর জনগুরুত্বপূর্ণ মামলা হিসেবেএটি বিচারের জন্য ময়মনসিংহ আদালত থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এ পাঠানো হয়।
রায় ঘোষণার পর বিচারক তিন আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা এবং পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পলাতকরা গ্রেপ্তার বা আত্মসমর্পণের তারিখ থেকে দণ্ড কার্যকর হবে বলে রায়ে বলা হয়।
